মোদিকে আম্বানীদের চৌকিদার বললেন রাহুল

বিদেশে গচ্ছিত কালো টাকা ফিরিয়ে এনে দেশবাসীর অ্যাকাউন্টে ১৫ লাখ টাকা করে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদি। পুরুলিয়ায় নির্বাচনী জনসভায় এ নিয়ে মোদিকে খোঁচা দিয়ে রাহুল বলেন, মোদি গরিবের নয়, আম্বানীদের চৌকিদারি করেছেন। খবর আনন্দবাজার পত্রিকার

কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতোর হয়ে নির্বাচনী প্রচারে পুরুলিয়ার কোটশিলায় যান রাহুল গান্ধী। মঙ্গলবার দুপুর দুটোয় তাঁর সভা শুরু হওয়ার কথা ছিল। তবে চাইবাসায় সভা সেরে সেখানে পৌঁছতে দেরি হয়ে যায় কংগ্রেস সভাপতির। এ দিন দুপুর  তিনটে নাগাদ হেলিকপ্টারে চেপে কোটশিলা পৌঁছান তিনি। বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ করেন রাহুল।  রাহুল বলেন, ‘পাঁচ বছর ধরে চৌকিদার সেজে বসে রয়েছেন মোদি। কিন্তু চৌকিদারি করছেন শুধু আম্বানীদের। গরিব মানুষকে নিয়ে মাথাব্যথা নেই ওঁর।’ বিদেশে গচ্ছিত কালো টাকা ফিরিয়ে এনে দেশবাসীর অ্যাকাউন্টে ১৫ লাখ টাকা করে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদি। এ দিন তা নিয়েও খোঁচা দেন রাহুল। তিনি বলেন, ১৫ লাখ টাকা করে দেবেন বলেছিলেন। কেউ কি সেই টাকা পেয়েছেন? উল্টো অনিল আম্বানীর অ্যাকাউন্টে ৩০ হাজার কোটি টাকা ঢুকিয়ে দিয়েছেন মোদি।