ফটিকছড়িতে সহিংসতায়
৪২ জনের রিমান্ড মঞ্জুর
প্রকাশ : ১৬ এপ্রিল ২০১৩, ২২:০৬
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর কাজীরহাটে সহিংসতার ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান ও জামায়াত নেতা শফিউল আলম নূরীসহ গ্রেফতার ৪২ জনের রিমান্ডের আবেদন মঞ্জুর করেছে আদালত। পুলিশ গতকাল মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃত ৪২ আসামির মধ্যে ১০ জনকে ৭ দিন এবং বাকি ৩২ আসামির জন্য ১০ দিন করে রিমান্ডের আবেদন করে। শুনানি শেষে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু সালেম মোহাম্মদ নোমানের আদালত ইউপি চেয়ারম্যান শফিউল আলম নূরীসহ ৩২ জনকে ৩ দিন ও ১০ জনকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত বৃহস্পতিবার দুপুরে ভুজপুর থানার কাজীরহাটে হরতাল বিরোধী শান্তি মিছিল বের করে স্থানীয় আওয়ামী লীগ। এসময় মিছিলে হামলা হয়। এতে তিনজন নিহত ও অর্ধশতাধিক আহত হন। এ ঘটনায় পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রথম দফায় ৩৫ জন ও মঙ্গলবার আরও ৭ জনকে গ্রেফতার দেখিয়ে আদালতে রিমান্ডের আবেদন জানায়।