বরিশালে হেফাজতের মহাসম্মেলন কাল

বরিশাল নগরীর ফজলুল হক অ্যাভিনিউতে আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে হেফাজতে ইসলামের বরিশাল বিভাগীয় শানে রেসালাত মহাসম্মেলন। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার বেলা ৩টায় বরিশাল নগরীর জামিয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসায় এক সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের বরিশাল মহানগর শাখা আমির মাওলানা ওবায়দুর রহমান মাহবুব বলেন, ‘বরিশাল বিভাগের প্রতিটি জেলা-উপজেলাসহ প্রত্যন্ত এলাকার লাখো মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতির মাধ্যমে জনসমুদ্রে পরিণত হবে নগরী। এ জন্য বরিশাল বিভাগজুড়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ‘হেফাজতে ইসলামের ১৩ দফা দাবির পক্ষে যখন গণজোয়ার সৃষ্টি হয়েছে, ঠিক তখনি একটি মহল নানা বিভ্রান্তি ছড়াচ্ছে।’ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের বরিশাল মহানগর শাখার সদস্য সচিব মাওলানা আবদুল হালিম, সহ-সভাপতি মাওলানা মীর্জা নুরুর রহমান বেগ, মাওলানা কাজী আবদুল মান্নান, মাওলানা আবদুল খালেক, মাওলানা আবদুল কাদের, অধ্যাপক আবুল কাশেম শাজাহান, মুফতি সুলতান মাহমুদ প্রমুখ।