আজ শুরু বাংলাদেশের হারারে টেষ্ট
প্রকাশ : ১৬ এপ্রিল ২০১৩, ২২:১৭
অন্য যে কোনো সিরিজের চেয়ে বাংলাদেশের জন্য জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটা একটু বাড়তি চ্যালেঞ্জের। কারণ গত কয়েক বছর ধরে এই একটা সিরিজেই বাংলাদেশের ওপর পরিষ্কার চাপ থাকে—জিততেই হবে।
আর এই চাপ নিয়েই আজ থেকে জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের খেলা মাঠে গড়াচ্ছে। আজ বাংলাদেশ সময় দুপুর দুইটা থেকে জিম্বাবুয়ের হারারেতে শুরু হবে দুই টেস্টের প্রথমটি। এরপর দুদল তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে।
সাধারণ হিসাবে বাংলাদেশই এই সিরিজে এগিয়ে আছে। গত এক বছরের বেশি সময় ধরে দারুণ ক্রিকেট খেলছে বাংলাদেশ। দারুণ ফর্মে আছেন মুশফিকুর রহিম, নাসির হোসেন, মোহাম্মদ আশরাফুল, মোমিনুল হক, সোহাগ গাজী। সবচেয়ে বড় কথা, ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
ইনজুরি কাটিয়ে দলে ফিরলেও আজকের টেস্ট খেলা অবশ্য দেশের আরেক সেরা ক্রিকেটার তামিম ইকবালের জন্য অনিশ্চিত। তামিম না খেললেও দলে কিছু পরিবর্তন আসতে বাধ্য। সাকিবকে জায়গা করে দিতে শ্রীলঙ্কা সফরের সফল পারফরমার মোমিনুল বা ফর্মের বাইরে থাকা সহঅধিনায়ক মাহমুদ উল্লাহকে বাদ পড়তে হবে।