মাহমুদুর রহমানের মায়ের ছয় সপ্তাহের জামিন মঞ্জুর

দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মা মাহমুদা বেগমকে ছয় সপ্তাহের জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কেএম কামরুল কাদেরের ডিভিশন বেঞ্চ গতকাল মঙ্গলবার এই আদেশ দেন। আল ফালাহ প্রিন্টিং প্রেসে আমার দেশ পত্রিকা ছাপানোর অভিযোগে গত শনিবার রাতে রমনা থানায় তার বিরুদ্ধে এ মামলা দায়ের করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (প্রকাশনা) নাসরিন সুলতানা। মাহমুদা বেগম আমার দেশ পাবলিকেশন্সের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তার পক্ষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী শুনানি করেন। তাকে সহায়তা করেন অ্যাডভোকেট সালেহউদ্দিন, অ্যাডভোকেট রুবাইয়াত হোসেন, ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী প্রমুখ। জামিন শুনানিতে এ জে মোহাম্মদ আলী বলেন, সরকার নতুন করে আমার দেশ পত্রিকার প্রকাশনা বাতিল করেনি। প্রকাশনার অনুমোদন আছে এমন একটি অনুমোদিত পত্রিকা যদি কোনো কারণে নিজ ছাপাখানায় পত্রিকা ছাপাতে না পারে তাহলে প্রিন্টিং প্রেস অ্যান্ড পাবলিকেশন্স (ডিক্লারেশন এন্ড রেজিস্ট্রেশন)-১৯৭৩ আইনের ১০ ধারা অনুযায়ী অন্য ছাপাখানায় ছাপাতে পারে। সেই কারণে আমার দেশ পত্রিকা আল ফালাহ প্রিন্টং প্রেসে ছাপানো হয়েছে। এই পত্রিকা ছাপানোর বিষয়টিও গোপন করা হয়নি। পত্রিকাটির প্রিন্টার্স লাইনে তা উল্লেখ করা হয়েছিলো এবং ৭২ ঘণ্টার মধ্যে ঢাকা জেলা প্রশাসক কার্যালয়কে অবহিত করা হয়েছে। তাই প্রিন্টিং প্রেস অ্যান্ড পাবলিকেশন্স (ডিক্লারেশন অ্যান্ড রেজিস্ট্রেশন) আইনের ৩২ ও ৩৩ ধারায় যে মামলা করা হয়েছে তা চলতে পারে না। তিনি বলেন, যদি ওই আইনের ৭ ধারা অনুযায়ী কোনো পত্রিকার প্রকাশনার অনুমতি না থাকে তাহলে অন্য প্রেসে পত্রিকা ছাপানো বে-আইনি; কিন্তু এক্ষেত্রে আমার দেশ পত্রিকার প্রকাশনার অনুমতি রয়েছে। এখানে কোনো আইন ভঙ্গ হয়নি। মোহাম্মদ আলী বলেন, জামিন আবেদনকারী একজন বয়স্কা মহিলা। মাহমুদুর রহমানকে মানসিকভাবে দুর্বল করার জন্য তার মায়ের বিরুদ্ধে এই মামলা করা হয়েছে।