তিন দফা দাবিতে ১৮ দলের বিক্ষোভ সমাবেশ কাল

তিন দফা দাবিতে আগামীকাল বৃহস্পতিবার বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এদিন বিকাল ৩টায় এই সমাবেশ অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জোটের মহাসচিব পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৈঠক সূত্রে জানা গেছে, বিক্ষোভ কর্মসূচিতে বাধা প্রদান এবং কারাবন্দী নেতাদের জামিন না দেয়া হলে আগামী ২২ ও ২৩ এপ্রিল দেশব্যাপী হরতাল দেবে ১৮ দলীয় জোট। যে তিন দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ সেগুলো হচ্ছে-বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীসহ সকল গুম হওয়া নেতার সন্ধান প্রদান, সকল রাজনৈতিক নেতার নিঃশর্ত মুক্তি ও তাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, ‘বিভিন্ন গণমাধ্যমে ১৭ ও ১৮ এপ্রিল হরতাল দেয়ার বিষয়টি উঠে এসেছে। আমরা হরতালের কর্মসূচি ঘোষণা করিনি। তবে বিবেচনায় ছিল। নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে ১৭ ও ১৮ এপ্রিল হিন্দু ধর্মাবলম্বীদের পুণ্যস্নানের কারণে এই সময়ে কোনো হরতাল দেয়া হচ্ছে না। পুণ্যস্নানে দেশের বাইরে থেকেও মানুষ আসেন।’ তিনি বলেন, ‘আমরা সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল এবং তাদের অনুরোধের বিষয়টি বিবেচনায় নিয়ে হরতাল দেয়া হয়নি। ১৮ দলীয় জোট বিক্ষোভ কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তী কর্মসূচির ব্যাপারে আলোচনা হয়েছে, যা পরে জানানো হবে।’ খন্দকার মোশাররফ বলেন, ‘গত ১০ এপ্রিল বেগম খালেদা জিয়ার যে সমাবেশ হওয়ার কথা ছিল সেই ব্যাপারে আমরা চিন্তা করছি। এছাড়া পরবর্তী কর্মসূচির রূপরেখা নিয়ে আলোচনা হয়েছে। শিগগিরই তা জানানো হবে।’ ড. মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, জামায়াতে ইসলামীর মজলিসে সূরা সদস্য ড. রেদোয়ান উল্লাহ শাহিদী, লিবারেল ডেমোক্রেটিক পার্টির রেদোয়ান আহমেদ, ন্যাশনাল পিপলস পার্টির ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ ন্যাপের গোলাম মোস্তফা ভুঁইয়া, বাংলাদেশ লেবার পার্টির হামদুল্লাহ আল মাহদি, ইসলামিক পার্টির আব্দুর রশিদ প্রধান, কল্যাণ পার্টির আব্দুল মালেক চৌধুরী, মুসলিম লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম, ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মাওলানা আবুল কাশেম, খেলাফতে মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা শফিক উদ্দিন, বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য খন্দকার সিরাজুল ইসলাম, জাগপার যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান খান, পিপলস লীগের সৈয়দ মাহবুব হোসেন, জমিয়তে উলামার মাওলানা লোকমান হোসেন, ন্যাপ-ভাসানীর সহ-সভাপতি এম আখতারুজ্জামান, ডেমোক্রেটিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খোকনচন্দ্র দাস প্রমুখ উপস্থিত ছিলেন। জোট নেতাদের বৈঠক শেষে গাজীপুর জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেন খন্দকার মোশাররফ হোসেন।