প্রসঙ্গ কাদের মোল্লার আপিল

দুই বিচারককে বিরত রাখার আবেদন খারিজ

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ও রাষ্ট্রপক্ষের আপিল আবেদনের শুনানি থেকে দুই বিচারককে বিরত রাখার আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তবে আপিল বিভাগের আদেশে বলা হয়েছে, দুই বিচারক বিচারকাজে অংশ নেবেন কিনা সেটি তাদের নিজস্ব বিবেচনার উপর নির্ভর করে। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ গতকাল মঙ্গলবার এই আদেশ দেন। বেঞ্চের অপর বিচারকরা হলেন- বিচারপতি মোহাম্মদ আবদুল ওয়াহহাব মিঞা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া। আদেশ প্রসঙ্গে অতিরিক্ত এটর্নি জেনারেল এডভোকেট এম কে রহমান বলেন, আমেরিকান ফেডারেল কোর্টের প্রধান বিচারপতি রবার্টসের দেয়া একটি রায়ের অংশ তুলে ধরে আপিল বিভাগ আদেশে বলেছে, “কোনো বিচারককে বিচারকাজ থেকে বিরত রাখার জন্য আবেদন দেয়া ঠিক নয়। তবে যে বিচারকদের বিরুদ্ধে এ ধরনের আবেদন দেয়া হয় তিনি বিচারকাজে অংশ নেবেন কিনা সেটি তার নিজস্ব বিবেচনার উপর নির্ভর করে।” ফলে দুই বিচারককে বিরত রাখার ওই আবেদন গ্রহণ করার কোনো কারণ আদালত দেখছে না। এটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, আপিল বিভাগের দুই বিচারক বিচারপতি এস কে সিনহা ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীকে আপিল শুনানি থেকে বিরত রাখার আবেদন খারিজ করে দেয়া হয়েছে। ফলে ছয় বিচারপতির বেঞ্চ কাদের মোল্লার আপিলের ওপর শুনানি গ্রহণ করবেন। এদিকে কাদের মোল্লার আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেন, আমার মক্কেল ন্যায় বিচার পাবেন না মর্মে এই আবেদন করেছিলেন; কিন্তু আপিল বিভাগ আবেদন খারিজ করে দিয়েছেন। উল্লেখ্য, কাদের মোল্লার বিরুদ্ধে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-২-এর দেয়া যাবজ্জীবন কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে রাষ্ট্র ও আসামিপক্ষের আপিল আবেদনের শুনানি থেকে দুই বিচারপতির বিরত থাকার জন্য ৩ এপ্রিল কাদের মোল্লার পক্ষ থেকে আবেদন দেয়া হয়।