বলিউড
ওয়াসিপুরের কন্যা...
প্রকাশ : ১৭ এপ্রিল ২০১৩, ১৯:২৬
অনুরাগ কাশিয়াপ পরিচালিত ‘গ্যাংস অব ওয়াসিপুর’ ছবিতে দুর্দান্ত অভিনয়ের মধ্য দিয়ে বর্তমানে আলোচনার শীর্ষে অবস্থান করছেন মডেল-অভিনেত্রী হুমা কুরেশি। ছোটপর্দায় অনেক দিন ধরে কাজ করে এলেও এই ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। অভিনয় ক্যারিয়ারের শুরুতেই বাজিমাত করেন তিনি। অ্যাকশন-নির্ভর এ ছবিতে নব্বই দশকের প্রেক্ষাপটে একজন মুসলিম তরুণীর ভূমিকায় অসাধারণ অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন তিনি। ছবিটি বেশ কিছুদিন আগেই মুক্তি পায়, যার মাধ্যমে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হন হুমা। গত বছরের কান ফিল্ম ফেস্টিভালেও ছবিটি প্রদর্শিত হয়, যেখানে উপস্থিত ছিলেন হুমা নিজেও। ছবিটিসহ সেখানে হুমার অভিনয় দর্শক ও সমালোচক মহলে বেশ প্রশংসিত হয়েছিল। এ ছবি যেন হুমার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। ‘গ্যাংস অব ওয়াসিপুর’-এর পর তিন তিনটি বলিউডের ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এর মধ্যে বিশাল ভারদ্বাজ ও একতা কাপুরের প্রযোজনায় ইমরান হাশমীর বিপরীতে ‘এক থা ডায়েনা’ ছবিতে অভিনয় করছেন তিনি। সম্প্রতি তার এই ছবির কাজ শেষ হয়েছে। সবকিছু ঠিক থাকলে ছবিটি আজ অর্থাত্, ১৮ এপ্রিল মুক্তি দেওয়া হবে। অন্যদিকে নিখিল আদভানির ‘তৃষ্ণা’ ও ‘লাভ সাভ তে চিকেন খুরানা’ ছবিতেও অভিনয় করছেন তিনি।
হুমার ক্যারিয়ারের সাফল্যের পথটা যে খুব একটা সহজ ছিল তা নয়। তবে তিনি তার পরিশ্রমের ফল পেয়েছেন। গুণী অভিনেত্রী হিসেবে দর্শকদের কাছে উঠে এসেছেন তিনি। দিল্লিতে থাকা অবস্থায় হুমা কুরেশি থিয়েটার শিল্পী হিসেবে মিডিয়ায় সর্বপ্রথম কাজ শুরু করেন। থিয়েটারে অসংখ্য ড্রামায় কাজ করেছেন তিনি। পরবর্তীতে দিল্লি থেকে মুম্বাইতে এসে টিভিসির মডেল হিসেবে কাজ শুরু করেন। এ ছাড়াও তিনি ভিটা মেরি, সাফোলা অয়েল, মিডারমা ক্রিম, স্যামসাং গুরু, পিয়ারস সোপ, নেরোলাকসহ ১৫টি বিজ্ঞাপনে সফলতার সঙ্গে কাজ করেছেন তিনি। এর মধ্যে শাহরুখ খান ও আমির খানের মতো তারকাদের সঙ্গেও বিজ্ঞাপনে জুটিবদ্ধ হয়ে কাজ করেন হুমা। এই বিজ্ঞাপনগুলোর সাফল্যের কারণেই পরিচালক অনুরাগ কাশ্যপ নিজের ছবি ‘গ্যাংস অব ওয়াসিপুর’-এর গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য নির্বাচন করেন তাকে। ছবিতে দুর্দান্ত অভিনয় করে বর্তমানে আলোচনার শীর্ষে অবস্থান করছেন এই অভিনেত্রী। নিজের বলিউড সফর সম্পর্কে হুমা কুরেশি বলেন, ‘থিয়েটার ও টিভিসি করার অভিজ্ঞতাটাই আমি কাজে লাগানোর চেষ্টা করেছি ‘গ্যাংস অব ওয়াসিপুর’ ছবিতে। দর্শকরা ছবিটির মাধ্যমে আমাকে পছন্দ করেছেন এটাই আমার জন্য বড় পাওয়া। বর্তমানে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করছি। সেই ছবিগুলোর মাধ্যমেও যেন ভালো কিছু উপহার দিতে পারি, সেই চেষ্টাই থাকবে।’
সম্প্রতি নতুন করে আবারও আলোচনায় এসেছেন হুমা কুরেশি। তিনি এখন অভিনয়ের কাজ শেষ করেছেন একতা কাপুরের বালাজি মোশন পিকচার ও বিশাল ভারদ্বাজ প্রযোজিত ছবি ‘এক থা ডায়েন’-এ। এই ছবিতে তিনি অভিনয় করছেন ইমরান হাশমির বিপরীতে। ছবিতে আরও অভিনয় করছেন কঙ্কনা সেন, শর্মা ও কালকি কোচলিন। প্রযোজক বিশাল ভারদ্বাজ বেশ আশাবাদী তার এ ছবি নিয়ে।
এ বিষয়ে তিনি বলেন, ‘এ ছবিটির কাহিনী একদমই গতানুগতিক ধারার বাইরে। এটাই আমাদের সবচেয়ে বড় হাতিয়ার।’ অন্যদিকে ইমরানের সাম্প্রতিক ‘রাজ-৩’ এবং ‘জান্নাত-২’ ছবি দুটো সুপারহিট। এখন পুরোপুরি ফর্মে রয়েছেন ইমরান। আর হুমাও বেশ আলোচিত। অপরদিকে বলিউড অভিনেতা ইমরান হাশমি তার প্রত্যেক ছবিতে নতুন মুখের বিপরীতে অভিনয় করেন। হাতেগোনা দুই একটা ছবি ছাড়া তিনি প্রায় সব ছবিতেই নতুন মুখ নিয়ে কাজ করেন। যেসব নতুন মুখের সঙ্গে হাশমি কাজ করেন তাদের আবার বেশিরভাগই একবারে নতুন করে বলিউডে প্রবেশ করেন এবং আস্তে আস্তে খ্যাতি অর্জন করেন। সেই দিক দিয়ে এগিয়ে রয়েছেন হুমা কুরেশি। তিনি তার প্রথম ছবি দিয়েই আলোচনার শীর্ষে চলে এসছেন। তার অভিনয়ের ক্যারিয়ারে আরও একটি পালক যোগ করতে যাচ্ছে ইমরান হাশমির বিপরীতে অভিনয় করাতে।
জনপ্রিয়তার শীর্ষে ওঠার ব্যাপারটা বেশ মজার। কারণ তাতে নানা ধরনের অভিজ্ঞতার মুখে দাঁড়াতে হয়। কিছুদিন আগেই হুমারও তেমন একটি অভিজ্ঞতা হয়েছে। প্রথম ছবি ‘গ্যাংস অব ওয়াসিপুর’-এ অভিনয়ের পর হুমার জনপ্রিয়তার গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী। তা এতটাই যে, আমেরিকান স্কুল কর্তৃপক্ষ হুমাকে আমন্ত্রণ জানিয়েছেন একটি স্কুলে বক্তৃতা দেওয়ার জন্য।
সেখানে হুমা বলবেন বলিউডে তার রোমাঞ্চকর যাত্রার কথা। মুম্বাইতে কোনো রকম গডফাদার না ধরেও শুধু স্ট্রাগলের জোরে কীভাবে সিনেমায় নিজের জায়গা তৈরি করে নিয়েছেন, সেই কাহিনীই শোনাবেন হুমা। জানা গেছে, স্কুলের ছাত্রছাত্রীরা যাতে তার বলিউডি যাত্রা শুনে নিজেদের ভবিষ্যত্ ক্যারিয়ার তৈরিতে প্রেরণা পায়, সে জন্যই তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তার সম্পর্কে সম্প্রতি আরও একটি চমকপ্রদ খবর শোনা গেছে। সেটা তার ক্যারিয়ারকে নিয়ে যাবে আরও একধাপ এগিয়ে। সম্প্রতি সব জল্পনা কল্পনার ইতি টেনে ‘ইশকিয়া’ ছবির সিক্যুয়ালে কঙ্গনা রানাওয়াতকে হটিয়ে মুখ্য ভূমিকায় অভিনয়ের জন্য নির্বাচিত হয়েছেন বলিউডি অভিনেত্রী হুমা কুরেশি। এ ব্যাপারে জানা গেছে, ছবিটির পরিচালক অভিষেক চৌবে ‘ঢের ইশকিয়া’ ছবির চিত্রনাট্য শেষ করার জন্য কিছুটা সময় নিয়েছিলেন। চিত্রনাট্য সঠিকভাবে শেষ হলে তবেই তিনি ছবিটির কাজ শুরু করার সিদ্ধান্ত নেন। আর এখন খুব শিগগিরই এটির কাজ শুরু হতে যাচ্ছে।
প্রথম দিকে কঙ্গনার সঙ্গে চুক্তি সই করা হয়েছিল। কিন্তু তার সময় নিয়ে কিছুটা সমস্যা দেখা দিলে তার বদলে হুমা কুরেশিকে বেছে নেওয়া হয়। তবে চরিত্রটির জন্য হুমার পাশাপাশি রিচা চাড্ডাও ছিলেন পরিচালকের পছন্দের তালিকায়। তবে রিচাকে টপকে চরিত্রটি পেয়ে যান হুমা। ১৮ ফেব্রুয়ারি এই ছবিটির শুটিং শুরু হয়েছে।