মন্তব্য

‘আশা করছি, ছবিটি সবার ভালো লাগবে। ছবিটিতে ত্রিমাত্রিক প্রযুক্তির অ্যানিমেটেড গান রয়েছে। আর ‘নিঃস্বার্থ ভালোবাসা’ ডলবি ডিজিটাল সাউন্ড সনদপ্রাপ্ত চলচ্চিত্র। ছবিটি কানের বড় পর্দা অলিম্পিয়ায় ১৭ মে প্রদর্শনের ব্যবস্থা করেছি।’ চলচ্চিত্র অভিনেতা অনন্ত প্রথমবার নিজের পরিচালনায় ‘নিঃস্বার্থ ভালোবাসা’ চলচ্চিত্রটির গানের অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠানে এ কথা বলেন। ‘রাজন দা’র সুর ও সুমন দা’র সংগীতায়োজনে আগের গানটি যেমন বেশ শ্রুতিমধুর ছিল এবারেরটি যেন তার চেয়ে আরও বেশি। সত্যিই দাদা অনেক যত্ন নিয়ে কাজ করেন। তা ছাড়া এখন আমি গানে অনেক বেশি নিয়মিত, কারণ এখন আমি ঢাকাতেই স্থায়ীভাবে বাস করছি।’ সংগীত শিল্পী নিশিতা সংগীত পরিচালক রাজন সাহার পরবর্তী আন্তর্জাতিক অ্যালবাম ‘বৃষ্টি নিমন্ত্রণ’-এর গান প্রসঙ্গে বলেন। ‘রান আউট’ নিয়ে প্রত্যাশা অনেক। তাই মনের ভিতরের উচ্ছ্বাসটা চেপে রাখতে পারছি না। সবচেয়ে বড় বিষয় হলো—প্রথম ছবিতে অভিনয়। তাই যা-ই করব না কেন, ভালোভাবে করার চেষ্টা করব। এ জন্য আমি একটু বেশি সিরিয়াস। এ মাসেও ছবির শুটিং হবে বলে পরিচালক জানিয়েছেন।’ অভিনয়শিল্পী মৌসুমী নাগ নিজের অভিনীত প্রথম চলচ্চিত্র ‘রান আউট’ প্রসঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন।