লেনদেনে জ্বালানি খাতের প্রাধান্য
প্রকাশ : ১৭ এপ্রিল ২০১৩, ১৯:৩৮
গতকাল বুধবার শেয়ার বাজারের লেনদেনে জ্বালানি খাতের প্রাধান্য দেখা গেছে। নতুন যুক্ত হওয়া কোম্পানিগুলো ঘিরে বড় অঙ্কের লেনদেন হলেও খাতওয়ারি বিবেচনায় জ্বালানি খাতের কোম্পানিগুলোর লেনদেন হয়েছে সবচে বেশি। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ১৭০ কোটি টাকা। এর মধ্যে জ্বালানি খাতের কোম্পানিগুলোর লেনদেন হয়েছে ২৩ কোটি ৮০ লাখ টাকা। যা মোট লেনদেনের ১৩ দশমিক ৯৭ শতাংশ। এরপর সর্বোচ্চ লেনদেন হয়েছে বস্ত্র খাতের কোম্পানিগুলোর। এ খাতে লেনদেন হয়েছে ২০ কোটি ৮০ লাখ টাকা।
আইডিএলসি’র দৈনন্দিন বাজার বিশ্লেষণে দেখা গেছে, শেয়ার বাজারে সদ্য যুক্ত হওয়া বেঙ্গল উইন্ডসোরের লেনদেন আগের দিনের তুলনায় প্রায় ৭০ ভাগ কমে গেছে। যা বাজারের মোট লেনদেন কমে যাওয়ার একটি কারণ। তবে গতকালও এ কোম্পানিটিই ছিল বাজারে লেনদেনের দিক থেকে শীর্ষ কোম্পানি। এদিকে গত কয়েকদিনের ধারাবাহিকতায় গতকালও শেয়ার বাজারে নতুন যুক্ত হওয়া কোম্পানিগুলোর প্রাধান্য ছিল। বেঙ্গল উইন্ডসোর, সামিট পূর্বাঞ্চল পাওয়ার, ওরিয়ন ফার্মা এবং প্রিমিয়ার সিমেন্টের লেনদেন ছিল মোট লেনদেনের ১৮ শতাংশ। এদিকে গতকাল বাজারে দর বৃদ্ধির শীর্ষে ছিল জ্বালানি খাত। আর দরপতনের ক্ষেত্রে শীর্ষে ছিল জীবন বীমা খাত।
তথ্যে দেখা গেছে, গতকাল বুধবার ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ১ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৫৭২ পয়েন্টে দাঁড়িয়েছে। সাধারণ মূল্যসূচক বেড়েছে ৩ পয়েন্ট। আর ডিএসই-৩০ মূল্যসূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩২০ পয়েন্টে দাঁড়িয়েছে। মোট লেনদেন হয়েছে ১৭০ কোটি ৪৩ লাখ ৮১ হাজার টাকা। যা আগের দিনের চেয়ে প্রায় ৪৯ কোটি টাকা কম। লেনদেনকৃত ২৬৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬০টির, কমেছে ৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টি কোম্পানির শেয়ারের।
শেয়ার বাজারে বিদেশি বিনিয়োগ বাড়াতে গঠিত কমিটির সুপারিশ নিয়ে আলোচনা, মতামত গ্রহণ ও পরিকল্পনা বাস্তবায়নে করণীয় নির্ধারণের লক্ষ্যে সংশ্লিষ্টদের নিয়ে সম্মিলিত বৈঠকের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ লক্ষ্যে শেয়ার বাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বৈঠক করবে বিএসইসি। আগামী ৮ মে বিএসইসির চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেনের সভাপতিত্বে কমিশনের বোর্ড রুমে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
জানা গেছে, গত ২৭ ডিসেম্বর কমিশনের ৪৬২তম সভায় পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ বাড়ানোর জন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। ওই কমিটি গত ১৫ ফেব্রুয়ারি বিদেশি বিনিয়োগ সংক্রান্ত ১৪টি সুপারিশ কমিশনে জমা দেয়। পরবর্তীতে কমিশনের ৪৭২তম সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয় এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করার সিদ্ধান্ত নেয়া হয়। এরই প্রেক্ষিতে এ সভা করা হবে।