খোলা আকাশের নিচে ক্লাস

নানা সমস্যায় জর্জরিত জেলার মির্জাপুর উপজেলার ভাদগ্রাম ইউনিয়নের বুড়িহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। আসবাবপত্র ও শ্রেণি কক্ষের অভাবে প্রায় দুই শতাধিক কোমলমতি শিক্ষার্থী রোদ- বৃষ্টি উপেক্ষা করে ক্লাস করছে খোলা আকাশের নিচে। ১৫ বছর আগে বিদ্যালয়টি প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠার পর থেকেই এ অবস্থা চলে আসছে বলে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যরা জানিয়েছেন। গত মঙ্গলবার বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, শিক্ষকরা খোলা আকাশের নিচে মাটিতে বসে ক্লাস নিচ্ছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আছমা আক্তার ও সহকারী শিক্ষিকা নাছিমা আক্তার জানান, এলাকায় শিক্ষা বিস্তারের লক্ষ্যে গণ্যমান্য ব্যক্তিদের দানে ১৯৯৮ সালে বিদ্যালয়টির প্রতিষ্ঠা হয়। বিদ্যালয়ের অবকাঠামো বলতে একটি টিনের ঘর। সেটিরও জরাজীর্ণ দশা। নেই প্রয়োজনীয় আসবাবপত্র এবং শ্রেণিকক্ষ। নেই শিক্ষকদের বসার চেয়ার-টেবিল। বিদ্যালয়ের আশপাশের ৫-৬টি গ্রামের শিশু শিক্ষার্থীরা পড়াশোনা করে এ বিদ্যালয়ে। এতো সমস্যার মধ্যেও বিদ্যালয়ের ফল সন্তোষজনক বলে শিক্ষক এবং এলাকাবাসী জানিয়েছেন। বার্ষিক ও প্রাথমিক সমাপনী পরীক্ষায় পাসের হার শতভাগ। বিদ্যালয় কর্তৃপক্ষ পাকা ভবন নির্মাণে সরকারের কাছে একাধিকবার আবেদন করলেও কোনো কাজ হয়নি। এ ব্যাপারে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও মির্জাপুর কলেজের সাবেক জিএস আলী নেওয়াজ সাংবাদিকদের বলেন, এলাকাবাসীর সহযোগিতায় দীর্ঘদিন বিদ্যালয়টি চললেও এখন সমস্যা তীব্র আকার ধারণ করেছে। বিদ্যালয়টির জন্য একটি পাকা ভবন নির্মাণসহ প্রয়োজনীয় আসবাবপত্র সরবরাহের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তিনি জোর দাবি জানিয়েছেন। এ ব্যাপারে টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগাযোগ করা হলে অফিস সূত্র জানিয়েছেন, জরাজীর্ণ বিদ্যালয়ের তালিকা তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়সহ বিভিন্ন অধিদপ্তরে পাঠানো হয়েছে। ভবন নির্মাণসহ আসবাবপত্রের জন্য প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া গেলে অগ্রাধিকার ভিত্তিতে বুড়িহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সমস্যা সমাধান করা হবে।