দেশের স্বার্থে হেফাজতের ৫ মে’র অবরোধ কর্মসূচি প্রত্যাহার করতে হবে
প্রকাশ : ১৭ এপ্রিল ২০১৩, ২১:০৭
শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া দেশ ও জাতির স্বার্থে হেফাজত-ই-ইসলামকে তাদের ৫ মে ঢাকা অবরোধ কর্মসূচি প্রত্যাহারের আহবান জানিয়েছেন। তিনি বলেন, হরতাল, অবরোধ কোনো রাজনৈতিক সমস্যার সমাধান নয়। আলোচনার মাধ্যমে এসব সমস্যার সমাধান করতে হবে। তিনি রাজনৈতিক দলগুলোকে হরতালের রাজনীতি থেকে সরে আসারও আহ্বান জানান। দেশের শিল্পখাতকে গতিশীল করতে রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন বলে মন্তব্য করেন শিল্পমন্ত্রী দিলিপ বড়ুয়া।
তিনি বলেন, কথায় কথায় হরতাল করে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেয়া হচ্ছে। হরতাল একটি নেতিবাচক পলিসি। গত মঙ্গলবার সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে শিল্পখাতের উন্নয়ন ও বিকাশের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ফারুক আহমদ মিসবাহর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সমপাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, নারী উদ্যোক্তা স্বর্ণলতা রায় প্রমুখ।