স্বর্ণের মূল্য কমল ভরিতে সাড়ে তিন হাজার টাকা, পড়ল রুপার দামও

আন্তর্জাতিক বাজারে অব্যাহতভাবে দাম কমে যাওয়ায় দেশের বাজারে আরো কমেছে স্বর্ণের দাম। দুই দিনের ব্যবধানে এ দফায় প্রতি ভরিতে প্রায় সাড়ে তিন হাজার টাকা কমল। একই সঙ্গে কমেছে রুপার দামও। গতকাল বুধবার থেকে দেশের বাজারে স্বর্ণের নতুন মূল্য কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক বাজারে অব্যাহত মূল্য পতনের কারণে সামঞ্জস্য রেখে দেশের বাজারেও স্বর্ণের দাম কমানো হচ্ছে। বাজুসের নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা গেছে, ভালো মানের অর্থাত্ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণে দাম কমেছে তিন হাজার ৬১৬ টাকা। এখন প্রতি ভরি স্বর্ণ ৫৪ হাজার ৯৩৭ টাকার পরিবর্তে ৫১ হাজার ৩২১ টাকায় বিক্রি শুরু হয়েছে। আর ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে আগের মূল্য ছিল ৫২ হাজার ৪৮৮ টাকা। সেখান থেকে সাড়ে তিন হাজার টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারিত হয়েছে ৪৮ হাজার ৯৮৮ টাকা। ১৮ ক্যারেটের স্বর্ণ ভরিপ্রতি তিন হাজার ৩৩ টাকা কমে আগের ৪৫ হাজার ২৩ টাকার পরিবর্তে এখন ৪১ হাজার ৯৯০ টাকায় বিক্রি শুরু হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরিতে দুই হাজার ৮০০ টাকা কমেছে। অর্থাত্ ভরিপ্রতি ৩২ হাজার ৩০৯ টাকার বদলে ২৯ হাজার ৫০৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া প্রতি ভরি ২১ ক্যারেট (ক্যাডমিয়াম) রুপার দাম এক হাজার ৩৪১ টাকা থেকে কমিয়ে এক হাজার ২২৪ টাকা নির্ধারণ করা হয়েছে। সর্বশেষ গত সোমবার দেশের বাজারে স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল। চলতি বছর পঞ্চম বারের মত স্বর্ণের দাম কমল। বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক ডা. দেওয়ান অমিনুল ইসলাম শাহীন দৈনিক ইত্তেফাককে বলেন, ‘আন্তর্জাতিক বাজার পর্যালোচনা করে দেশের বাজারে স্বর্ণের মূল্য নির্ধারিত হয়। আন্তর্জাতিক বাজারে গত কয়েক মাসে দাম কমে যাওয়ায় দেশের বাজারেও স্বর্ণের মূল্য কমানো হয়েছে।