শহীদ মিনারে শেষ শ্রদ্ধা

ঢাকায় পৌঁছানোর পর সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা জানানোর জন্য আজ সকালে শহীদ মিনারে রাখা হবে প্রয়াত সঙ্গীতশিল্পী সুবীর নন্দীর মরদেহ। আজ সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তাঁর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। আজ সকাল সোয়া ৬টায় শিল্পী সুবীর নন্দীর মরদেহ সিঙ্গাপুর থেকে ঢাকায় এসে পৌঁছাবে। শাহজালাল বিমানবন্দর থেকে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে গ্রিন রোডে তাঁর নিজ বাসায়। বাসা থেকে তাঁকে নিয়ে যাওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর পর শিল্পীর মরদেহ নিয়ে যাওয়া হবে ঢাকার রামকৃষ্ণ মিশনে। পরে সবুজবাগের বরদেশ্বরী কালীমন্দির ও শ্মশানে শেষকৃত্য অনুষ্ঠিত হবে। খ্যাতিমান সঙ্গীত শিল্পী সুবীর নন্দী সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গতকাল ভোর সাড়ে ৪টায় মারা যান। তাঁর মেয়ে ফাল্গুনী নন্দী তাঁর পিতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

উল্লেখ্য, ১৪ এপ্রিল রাতে স্বপরিবারে সিলেট থেকে ঢাকায় ফিরছিলেন সুবীর নন্দী। উত্তরার কাছাকাছি আসতেই হঠাত্ তাঁর শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে পড়ে। এ সময় তাঁকে ট্রেন থেকে নামিয়ে অ্যাম্বুলেন্সে করে সিএমএইচে নেওয়া হয়। সিএমএইচে চিকিত্সাধীন থাকা অবস্থায় তাঁকে প্রধানমন্ত্রীর নির্দেশে উন্নত চিকিত্সার জন্য সিঙ্গাপুর নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে গত ৩০ এপ্রিল (মঙ্গলবার) তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সিঙ্গাপুর হাসপাতালের এমআইসিইউতে চিকিত্সাধীন ছিলেন তিনি।