খুলনায় স্কুল ছাত্রকে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই
প্রকাশ : ১৭ এপ্রিল ২০১৩, ২২:৩২
খুলনার দিঘলিয়া উপজেলার গোয়ালপাড়া কালভার্টের পাশ থেকে গতকাল বুধবার পুলিশ তারা সরদার (১৪) নামে এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করার পর তার মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেছে ছিনতাইকারীরা।
নিহত তারা সরদার স্থানীয় পথেরবাজার মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। সে সেনহাটী কাটানীপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক সরদারের ছেলে। এ ঘটনায় নিহতের পিতা অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে স্থানীয় থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
এলাকাবাসী ও পুলিশ জানায়, মঙ্গলবার বিকাল ৫টার দিকে তারা সরদার তার বন্ধু রুবেলসহ একটি মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। তারপর সে আর বাড়িতে ফিরে আসেনি। ওই দিন রাতে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা অনেক খোঁজ করেও তার সন্ধান পাননি। গতকাল বুধবার সকাল ৭টার দিকে এলাকাবাসী তার লাশ গোয়ালপাড়া কালভার্টের পাশে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ ঘটনাস্থল থেকে রুবেলের শার্ট উদ্ধার করেছে।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান জানান, পূর্ব শত্রুতার জের ধরেও এ ঘটনা ঘটে থাকতে পারে। তাহের (২২) নামে এক যুবককে এই ঘটনার সূত্রে গ্রেফতার করা হয়েছে।