বাড্ডায় শিবিরের মিছিল গাড়ি ভাংচুর, ককটেল বিস্ফোরণ আটক ৩

রাজধানীর বাড্ডায় শিবিরের ঝটিকা মিছিল থেকে ৫ থেকে ৬টি গাড়ি ভাংচুর ও কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটনো হয়েছে। গতকাল বুধবার দুপুরে হোসেন মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ওমর ফারুক (২২), আব্দুর রউফ (২৩) এবং আবু কায়সার (৩৩) নামে তিন শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। বাড্ডা থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই নাহিদ জানান, দুপুর সোয়া দুইটার দিকে হোসেন মার্কেটের গলি থেকে ইসলামী ছাত্র শিবিরের ৪০/৪৫ জনের একটি দল ঝটিকা মিছিল বের করে। কোন কিছু বুঝে ওঠার আগেই তারা ৫ থেকে ৬টি গাড়ি ভাংচুর করে। পরে পুলিশ ধাওয়া করলে মিছিলকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।