১৯ এপ্রিলের এইচএসসি পরীক্ষা ৩ মে
প্রকাশ : ১৭ এপ্রিল ২০১৩, ২২:৪৪
পরপর দু’দিন পরীক্ষা থাকায় অভিভাবকদের দাবির মুখে আগামীকাল শুক্রবারের (১৯ এপ্রিল) পরীক্ষা পিছিয়ে ৩ মে নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ আন্ত:শিক্ষাবোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তাসলিমা বেগম জানান, ১৯ এপ্রিলের পরীক্ষা ৩ মে সকাল ৯ টা থেকে ১২ টা এবং দুপুর ২টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
আটটি সাধারণ বোর্ডের অধীনে শুক্রবার এইচএসসি ও ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজে সকালে অর্থনীতি প্রথম পত্র, পদার্থ বিজ্ঞান প্রথম পত্র, ব্যবসায় নীতি ও প্রয়োগ প্রথম পত্র, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র (ডিআইবিএস) এবং বিকালে বাংলা ভাষা ও সাহিত্য প্রথম পত্র, ইংরেজি ভাষা ও সাহিত্য প্রথম পত্রের পরীক্ষা হওয়ার কথা ছিল। মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমে আরবি প্রথম পত্র (সাধারণ বিভাগ), আরবি সাহিত্য (বিজ্ঞান ও মুজাব্বিদ মাহির বিভাগ) এবং কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি ভোকেশনালে গণিত-২, ডিপ্লোমা ইন কমার্সে অর্থনীতি (দ্বাদশ) এবং এইচএসসি ব্যবসায় ব্যবস্থাপনা নীতি ও পদ্ধতি (দ্বাদশ) বিষয়ের পরীক্ষা ছিল।
মূল সূচি অনুযায়ী এসব পরীক্ষা হওয়ার কথা ছিল ১১ এপ্রিল। কিন্তু ইসলামী ছাত্র শিবির ওইদিন হরতাল ডাকায় পরীক্ষা পিছিয়ে ১৯ এপ্রিল রাখা হয়। তবে বৃহস্পতিবারও পরীক্ষা থাকায় পরপর দু’দিন পরীক্ষা পড়ে গেছে। এ কারণে শিক্ষার্থী ও অভিভাকরা শুক্রবারের পরীক্ষা পেছানোর অনুরোধ জানিয়ে আসছিলেন। এসব বিবেচনায় পরীক্ষা পেছানো হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে। হরতালের কারণে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষায় দুই দিনে মোট ১৭টি বিষয়ের পরীক্ষা পেছানো হয়েছে।