সরকার আন্তরিক হলে আমার স্বামী ফিরে আসবে :লুনা
প্রকাশ : ১৭ এপ্রিল ২০১৩, ২২:৪৫
বিএনপি নেতা ইলিয়াস আলীকে সুস্থ অবস্থায় ফিরে পাওয়ার আশায় এখনো বুক বেঁধে আছেন স্ত্রী তাহসিনা রুশদী লুনা। অপেক্ষা করছেন স্বামীর জন্য। তিনি বললেন ‘এখনো আমি বিশ্বাস করি, সরকার আন্তরিক হলে আমার স্বামী আমার কাছে ফিরে আসবে। এই আশায় আমি আল্লাহর ওপর ভরসা করে আছি।’
সিলেট বিভাগীয় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী নিখোঁজ হন গত বছরের ১৭ এপ্রিল। গতকাল তার নিখোঁজ হওয়ার এক বছর পূর্ণ হয়েছে। এ উপলক্ষে বিএনপির পক্ষ থেকে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও সহ-সভাপতি সাদেক হোসেন খোকা সকালে ইলিয়াস আলীর বনানীর বাড়ি ‘সিলেট হাউজ’-এ গিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সহমর্মিতা জানান। বড় ছেলে আবরার ইলিয়াস, ছোট ছেলে লাবি সারার ও ছোট মেয়ে সাইয়ারা নাউয়ালকে নিয়ে বনানীর এ বাড়িতেই থাকেন তাহসিনা রুশদীর লুনা। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কান্নাজড়িত কণ্ঠে ইলিয়াস পত্নী লুনা বলেন, আমার স্বামীর সন্ধান পেতে আমি দ্বারে-দ্বারে ঘুরছি। প্রধানমন্ত্রীর কাছেও ছুটে গেছি। প্রধানমন্ত্রী আমাকে আশ্বস্ত করেছেন। আমি এখনো সেই আশা নিয়ে অপেক্ষা করছি। তিনি অভিযোগ করেন, ঘটনার পর এক বছর পেরিয়ে গেলেও ইলিয়াসের নিখোঁজ হওয়া নিয়ে পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর তদন্তের অগ্রগতি সম্পর্কে তাকে কিছুই জানানো হয়নি।
‘ইলিয়াস আলীকে ফিরিয়ে না দিলে কঠোর কর্মসূচি’
সিলেট অফিস জানায়, ইলিয়াস আলী নিখোঁজের এক বছর পূর্তিতে সিলেট কোর্ট পয়েন্টে মহানগর বিএনপির সভায় টেলিকনফারেন্সের মাধ্যমে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী বলেছেন, জেল জুলুম নির্যাতন চালিয়ে গণতান্ত্রিক আন্দোলন স্তব্ধ করা যায় না। তিনি অবিলম্বে বিএনপি নেতা এম, ইলিয়াস আলীকে ফিরিয়ে দেয়ার আহ্বান জানান। সভায় সভাপতিত্ব করেন মহানগর সভাপতি এম এ হক। মহানগর যুগ্ম-সাধারণ সম্পাদক হুমায়ুন কবির শাহীন ও প্রচার সম্পাদক ওমর আশরাফ ইমন সভা পরিচালনা করেন। এম এ হক বলেন, ইলিয়াস আলীকে ফিরিয়ে পেতে দেশে-বিদেশে জনগণ বিভিন্ন নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাচ্ছে। কিন্তু এখন পর্যন্ত সরকার তার কোন সন্ধান দিচ্ছে না। ইলিয়াস আলীকে জীবিত অবস্থায় ফিরিয়ে না দিলে কঠোর কর্মসূচি দেয়া হবে।