আলোচনার কথা বলে সরকার ছলচাতুরি করছে :মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সংকট সমাধানে সরকারই আলোচনা চায় না। জনগণকে বিভ্রান্ত করার জন্য আওয়ামী লীগ কিছুদিন পরপর আলোচনার কথা বলে, যা ছলছাতুরি। এ ধরনের কথা বলে তারা জনগণকে বুঝাতে চায়-বিরোধী দলই আলোচনায় আসে না। সরকারের এসব প্রবঞ্চনা জনগণ বুঝতে পেরেছে। আলোচনা চাইলে সরকারকেই উদ্যোগ নিতে হবে। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে-প্রধানমন্ত্রী যদি এমন এজেন্ডা দিয়ে সংলাপের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান, তাহলে বিরোধী দল বিবেচনা করবে। গতকাল বুধবার রাজধানীর নয়াপল্টনে ঢাকা মহানগর বিএনপির কার্যালয়ের মওলানা ভাসানী মিলনায়তনে স্বাধীনতা ফোরামের উদ্যোগে নিখোঁজ ইলিয়াস আলীর সন্ধান ও আটক নেতাদের মুক্তির দাবিতে আয়োজিত এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের একটি বক্তব্য উদ্ধৃত করে ড. মোশাররফ বলেন, আমরা তাকে বলতে চাই, আমাদের সবক দেবেন না। বিএনপি সংঘাতের রাজনীতি করে না। সরকারই রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে দেশে সংঘাত সৃষ্টি করছে। নিখোঁজ ইলিয়াস আলী প্রসঙ্গে ড. মোশাররফ বলেন, প্রধানমন্ত্রী যেভাবে বক্তব্য দিয়েছিলেন, আমরা আশান্বিত হয়েছিলাম ইলিয়াস আলী সরকারের কাছেই আছেন। প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের কথায় তা প্রমাণিত। ১৮ দলের ৩দিনের কর্মসূচি বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীসহ বর্তমান সরকারের আমলে নিখোঁজ ‘অসংখ্য’ বিরোধী দলীয় নেতা-কর্মীর সন্ধান, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলের কারাবন্দী সব নেতার মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল এবং ব্যর্থতার দায় নিয়ে বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে ১৮ দলীয় জোট। কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ, ২০ এপ্রিল জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সমাবেশ ও ২১ এপ্রিল রবিবার ঢাকাসহ সকল বিভাগীয় শহরে প্রতিবাদ সমাবেশ। গতকাল বুধবার সকালে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ কর্মসূচির ঘোষণা দেন।