বরিশালের মাধবপাশায় হিন্দু ধর্মাবলম্বীদের আজ পুণ্যস্নান
প্রকাশ : ১৭ এপ্রিল ২০১৩, ২২:৪৭
প্রতিবছরের ন্যায় এবারও নগরীর অদূরে ঐতিহ্যবাহী মাধবপাশায় গঙ্গা পূজায় অংশ নিতে হাজার হাজার নারী-পুরুষ ভিড় করছেন। ইতিমধ্যে পূজা কমিটি সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে। তিথি অনুযায়ী প্রতিবছর দুর্গাসাগরে সনাতন ধর্মাবলম্বীরা ২৩২ বছর যাবত্ পুণ্যস্নান করে আসছেন। হিন্দু ধর্মাবলম্বীরা তিথি অনুযায়ী এ স্নানে অংশ নেন বলে আয়োজকরা জানান। পাপ মোচনের জন্য স্নানের পাশাপাশি পূজা দিয়ে তারা বাড়ি ফিরেন। এ বছর তিথি অনুযায়ী আজ বৃহস্পতিবার টানা ২৪ ঘণ্টা চলবে এ তীর্থস্নান। পূজা কমিটি জানিয়েছে, অশোকা অষ্টমীর মধ্য দিয়ে রাত ২ টা ৩৭ মিনিটে এ পূজা শুরু হওয়ার কথা। চলবে পরদিন রাত ২ টা ৪৫ মিনিট পর্যন্ত। এ পূজা ও পুণ্যস্নানে অংশ নিতে হাজার হাজার মানুষ দূর-দূরান্ত থেকে প্রতিবছর এখানে ছুটে আসেন। পুণ্যস্নান দেখতে এই দিনে দর্শনার্থীদেরও ভিড় বাড়ে এই দীঘির পাড়ে। গতকাল দুপুরের পরই পুণ্যস্নানে অংশ নিতে মানুষ দীঘির তীরে আসতে শুরু করেছেন বলে স্থানীয়রা জানান।
আয়োজকদের নেতা দীলিপ রাজা জানান, প্রতিবছর বরিশাল ছাড়াও ঝালকাঠী, পটুয়াখালী, পিরোজপুর, ভোলা ও স্বরূপকাঠীর বাসিন্দারা এখানে পুণ্যস্নান করতে আসেন। নতুন বছরের নতুন স্বপ্ন, নতুন আশা পূরণের জন্য তারা প্রতিবছর গঙ্গা দেবীর পূজা দিতে এখানে ছুটে আসেন। পূজা উপলক্ষে সেখানে মেলা বসেছে। মেলায় শিশু-কিশোরদের জন্য রং-বেরংয়ের খেলনা ও পোশাক বিক্রির স্টলগুলোতে পূজা শুরু হওয়ার আগেই ভিড় জমেছে। পুণ্যস্নান উপলক্ষে বিমানবন্দর, বাবুগঞ্জ, বানারীপাড়া ও উজিরপুরে পুলিশ বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান।