সাহিত্য বিশ্ব

তাহমিমা আনাম গ্রান্টার সেরা ২০ তরুণ লেখকের তালিকায় যুক্তরাজ্যের সাহিত্য সাময়িকী ‘গ্রান্টা’র সেরা ২০ তরুণ ঔপন্যাসিকের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের লেখিকা তাহমিমা আনাম। গত সোমবার লন্ডনের ব্রিটিশ কাউন্সিলে এই তালিকা প্রকাশ করা হয়। ব্রিটিশ তরুণদের মধ্যে যেসব প্রতিভা ভবিষ্যতে প্রথম সারিতে উঠে আসবেন—এমন সাহিত্যিকদের বের করে আনার লক্ষ্যে প্রতি দশ বছর পর ‘গ্রান্টা’ এই তালিকা করে থাকে। এর আগে সালমান রুশদি ও জেডি স্মিথের মতো লেখকেরা এই তালিকায় স্থান পেয়েছিলেন। ঘোষণা করা হয়েছে ‘কমনওয়েলথ বুক প্রাইজ ২০১৩’র প্রস্তাবিত নামের তালিকা ‘কমনওয়েলথ রাইটারস ফাউন্ডেশন’ কমনওয়েলথ বুক প্রাইজ এবং কমনওয়েলথ শর্ট স্টোরি প্রাইজ ২০১৩-এর জন্য প্রস্তাবিত নামের তালিকা প্রকাশ করেছে। প্রতিবার এই পুরস্কার দেওয়া হয় কমনওয়েলথভুক্ত দেশগুলোর সাহিত্যে উত্কর্ষতা বৃদ্ধি ও নতুন লেখাকে উত্সাহ প্রদানের জন্য। কমনওয়েলথ বুক প্রাইজ দেওয়া হয় উপন্যাস আর কমনওয়েলথ শর্ট স্টোরি পুরস্কার দেওয়া হয় অপ্রকাশিত গল্পের জন্য। প্রস্তাবিত মোট ১৯ জন লেখকদের তালিকায় শ্রীলংকা ও ভারতীয় লেখকদের নাম থাকলেও উপমহাদেশের অন্য কোনো দেশের কোনো লেখকের নাম নেই। বিজয়ী লেখকদের নাম ঘোষণা করা হবে আগামী ৩১ মে হে উত্সবে। ‘সন ওইয়ান’ দিয়ে ঝড় তুলেছেন তুরস্কের বিতর্কিত লেখক আহমেত আলতান আহমেত আলতান যদি পশ্চিমা কোনো দেশে জন্ম নিতেন, তবে তিন বিখ্যাত সাংবাদিক বা জনপ্রিয় ঔপন্যাসিকরূপে পরিচিতি পেতেন। গত তিন দশক যাবত তিনি তুরস্কের সবচেয়ে বিতর্কিত লেখক। তাঁর অতি সমপ্রতি বই এক লাখেরও বেশি বিক্রি হয়ে গেছে প্রকাশিত হওয়ার প্রথম সপ্তাহেই। বইটির নাম ‘সন ওইয়ান’, যার ইংরেজি অনুবাদ বেরিয়েছে ‘দ্যা ফাইনাল গেম’ নামে। এই উপন্যাসে তিনি নারীর দৃষ্টিভঙ্গি থেকে ভালোবাসা ও আকাঙ্ক্ষাকে ব্যাখ্যা করেছেন। উপন্যাসটির শুরু হয়েছে এভাবে, ‘সাবধান থাকো সুন্দরী নারীদের করুণা থেকে।’ গ্রন্থনা : শামস আরেফিন