ছায়াশক্তি
প্রকাশ : ১৮ এপ্রিল ২০১৩, ১৮:৫৫
ঘৃর্ণাঘুণে মিশে যায় ও-রূপের দ্রবণ ও-মিনতি আমার। বৃথাজলসার অন্ধকারে
উপভোগ নরম নদীর কাদাজল মেখে নিমজ্জিত সমুদ্রের জীর্ণ শূন্যতার ঢেউয়ে
পতন ফেরাব আমি, এই বলে—যতবার তীক্ষ সরুগলি পেরিয়ে নিজস্ব হাড়ের
ভেতর আগুন জ্বেলেছি, বিদ্রোহ করেছি, দেখেছি—অন্য কারও সাথে নয় বরং
আমার বিরুদ্ধেই আমি, হাঙর-গ্রাসের হাঁ-মুখে সমস্ত সত্তায় আমার বিসর্জন—
নিমেষে ফুরিয়ে রক্তক্ষয় নরকের ঊর্ধ্বে এমন কি স্বর্গের ঊর্ধ্বে ছায়াময় ঈশ্বরের
মতো সকল স্পর্ধায় আমার বিরুদ্ধেই দাঁড়িয়ে আছি ‘আমি’ এক নতুন সৃষ্টি...