পরিত্যক্ত মন্দির
প্রকাশ : ১৮ এপ্রিল ২০১৩, ১৮:৫৫
জীবনের ভিতর অন্য এক শরীর থাকে আমার ভিতর তুমি, মাছের নিষ্পলক চোখগুলো স্বচ্ছ নীলাভ মণির মতো সন্ধ্যায় জাহাজের পালে উঠে পড়ে কিন্তু একসময় আমার এক সত্তা ছিল, সে হারিয়ে গেল অচেনা রেখার ভিড়ে কোনো এক রবিবারে ছুটির দিনে; এখনও ফিরে আসেনি। ঠাকুরের মন্ত্রে কিংবা হূদিপণ্ডের গভীরে মরেও না মরার মতো হয়ে আছি, যেদিন আমার মনের ভিতর কফিন এঁকেছিল শেষ নিশ্বাসের অশ্রুগাথা; আমার এক সমুদ্র ছিল, এক ঈশ্বর ছিল আজ নেই, সব পরিত্যক্ত হয়ে আছে। শঙ্খের ডাক নেই, জোয়ার নেই, কোনো নারীর প্রার্থনা নেই, কেন জানি প্রেম নেই। শ্যাওলা আর নতুন গাছ জন্মেছে সেখানে পুজোর থালাও নেই, কারা যেন ভেঙে ফেলেছে কিছু অংশ তার ঘণ্টা বাজাতে চেয়েছি জাগরণের তাও নেই, একটু আলো জ্বালব মোম এনেছি হাতে করে; কিছু করার নেই চারিদিকে অন্ধকার। ফল আর ফুলগুলো অপেক্ষা করছে কখন উত্সর্গ করা হবে, মৃতেরা নাকি শক্তিমান তাহলে কেন তারা জেগে ওঠে না। মন্দিরের পাশে পাথরের গায়ে উড়ে এসে বসা শঙ্খচিলের আলসেমি কিংবা ছত্রাকের শরীরজুড়ে রুক্ষ চিত্রকলা নতুন কোন পরিত্যক্ত মন্দিরের ছবি আঁকছে!