অ্যাক্রেডিটেশন কাউন্সিল কার্যালয় উদ্বোধন

শিক্ষার্থীরা ডিগ্রি অর্জন করলেও দক্ষতার ঘাটতি থাকছে —শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমাদের শিক্ষার্থীরা অনেক ধরনের ডিগ্রি অর্জন করছে কিন্তু তাদের দক্ষতার জায়গায় ঘাটতি থেকে যাচ্ছে। এরমধ্যে একটি হচ্ছে ভাষাজ্ঞানের ঘাটতি। সেটি শুধু ইংরেজি ভাষাতে নয়, বাংলায়ও।

গত সোমবার মহাখালীতে গ্রীণডেল্টা টাওয়ারে ‘বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল’ এর কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। অনুষ্ঠানে সভা-প্রধানের দায়িত্ব পালন করেন অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মেজবা উদ্দিন আহমেদ। বক্তব্য রাখেন প্রাইভেট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সংগঠনের সভাপতি শেখ কবির হোসেন প্রমুখ।

দীপু মনি বলেন, আমাদের শিক্ষার্থীদের অনেক ভালো ফল কিন্তু তারা ইন্টারভিউতে গিয়ে আর বলতে পারছে না। সমস্যা সমাধানের যে দক্ষতা, সময়ের সমন্বয়, উপস্থাপনার দক্ষতা-এসব নানান সমস্যা আছে। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা এই দক্ষতাগুলো অর্জন করুক।

অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মেজবা উদ্দিন আহমেদ বলেন, অ্যাক্রেডিটেশন কাউন্সিল হচ্ছে উচ্চ শিক্ষার মানোন্নয়নে ভূমিকা রাখা একটি প্রতিষ্ঠান। তিনি বলেন, আমরা শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা দিতে চাই। এর অর্থ হচ্ছে আমরা শিক্ষার্থীদের এমন ডিগ্রি দিতে চাই, যাদের জ্ঞান-দক্ষতা-আচরণ হবে উন্নত। তিনি বলেন, ৮৩ শতাংশ শিক্ষার্থী বেসরকারি ও সরকারি কলেজগুলো থেকে ডিগ্রি নিচ্ছে। কিন্তু আমরা জানি না সেই কলেজগুলোর মান কেমন। এসব দিক মাথায় রেখে সরকার বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল তৈরি করেছে।