আর্থিক খাতের শেয়ারের দাম নিম্নমুখী

গতকাল বৃহস্পতিবার শেয়ারবাজারের লেনদেন বাড়লেও সূচক বাড়েনি। আর্থিক খাতের কোম্পানিগুলোর শেয়ারের দর নিম্নমুখী হওয়াতেই সূচক বাড়েনি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আইডিএলসি’র দৈনন্দিন বাজার বিশ্লেষণে দেখা গেছে, গতকাল ব্যাংক, বীমা এবং অব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম সবচেয়ে বেশি কমেছে। আর দাম বাড়ার ক্ষেত্রে শীর্ষে ছিল বস্ত্র খাত, জীবন বীমা এবং জ্বালানি খাতের কোম্পানিগুলো। এদিকে কয়েকদিনের ধারাবাহিকতায় গতকালও শেয়ারবাজারে লেনদেনে সদ্য যুক্ত হওয়া কোম্পানিগুলোর প্রাধান্য ছিল। ওরিয়ন ফার্মা, বেঙ্গল উইন্ডসোর, সামিট পূর্বাঞ্চল পাওয়ার এবং প্রিমিয়ার সিমেন্টের লেনদেন ছিল মোট লেনদেনের ১৪ দশমিক ৮৮ শতাংশ। তাছাড়া দর বৃদ্ধির ক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়ে ছিল বেঙ্গল উইন্ডসোর। তৃতীয়দিনের মতো লেনদেনে কোম্পানিটির দর বেড়েছে প্রায় ১০ শতাংশ। তথ্যে দেখা গেছে, গতকাল বুধবার ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ১ পয়েন্ট কমে ৩ হাজার ৫৭১ পয়েন্টে দাঁড়িয়েছে। সাধারণ মূল্যসূচক বেড়েছে ৫ পয়েন্ট। আর ডিএসই-৩০ মূল্যসূচক বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩২১ পয়েন্টে। এদিন ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২০২ কোটি ৮৫ লাখ ৪৩ হাজার টাকা। যা আগের দিনের চেয়ে প্রায় ৩২ কোটি টাকা বেশি। লেনদেনকৃত ২৭৫টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১৫৫টির, কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ারের। ডিএসই জানিয়েছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের সিটি ব্যাংকের পরিচালনা পর্ষদ গত ৩১ ডিসেম্বরে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ দশমিক ২৬ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ২৮ দশমিক ৫৭ টাকা। এছাড়া সিটি জেনারেল ইন্সুরেন্সের পরিচালনা পর্ষদও সমাপ্ত অর্থ বছরের জন্য ১০ শতাংশ বোনাস শেয়ার সুপারিশ করেছে। কোম্পানিটির শেয়ার প্রতি আয় ১ টাকা ৮১ পয়সা এবং শেয়ার প্রতি সম্পদমূল্য ১৫ দশমিক ৬৯ টাকা।