চীনে বার্ডফ্লুতে মৃত্যু বাড়ছে
প্রকাশ : ১৮ এপ্রিল ২০১৩, ২০:৪৮
চীনে এইচ৭এন৯ বার্ড ফ্লুতে মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। ভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৭ জনে। ফ্লু ভাইরাসটি আরো ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছে সরকার। নতুন এ বার্ড ফ্লুতে সর্বশেষ সাংহাইয়ে আরো দু’জনের মৃত্যু নিয়ে মৃতের মোট সংখ্যা দাঁড়ায় ১৬জনে। ভাইরাস আক্রান্তদেরও বেশিরভাগই সাংহাইয়ের অধিবাসী।
ভাইরাস সংক্রমণ কোথা থেকে ঘটছে তা এখনো জানা যায়নি। মানুষ থেকে মানুষে ভাইরাস সংক্রমণ ঘটার কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। হাঁস-মুরগির বাজার থেকে নমুনা পরীক্ষায় কিছু পাখির মধ্যে এ ভাইরাস ধরা পড়েছে। এর ওপর ভিত্তি করেই তদন্ত চালাচ্ছে চীন এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)।
ভাইরাস সংক্রমণ ঠেকানো না গেলে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়তেই থাকবে বলে চীনের জাতীয় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমিশনের বরাত দিয়ে জানিয়েছে সিনহুয়া। ফ্লু সংক্রমণের শিকার প্রায় ৪০ শতাংশের ক্ষেত্রেই পাখি বা মুরগি থেকে ভাইরাস সংক্রমণের স্পষ্ট কোনো আলামত পাওয়া যায়নি। বলেন, চীনের রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কেন্দ্রর(সিডিপিসিসি)বিজ্ঞানী জেং গুয়াং। “তাহলে মানুষ কিভাবে ভাইরাস সংক্রমিত হচ্ছে? এ এক রহস্য”, বলেন তিনি।
তবে বিভিন্ন প্রতিবেদনের ভিত্তিতে রয়টার্সের করা এক বিশ্লেষণে বলা হয় ভাইরাসের শিকার ৭৭জনের ১০ শতাংশ হাঁস-মুরগির সংস্পর্শে এসেছিল। কিন্তু এ ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে সিডিপিসিসি। বার্ড ফ্লু আতঙ্কে বহু চীনাই ইদানীং মুরগি খাওয়া ছেড়ে দিয়েছে। দু’সপ্তাহ আগে ভাইরাসটি সংক্রমণের খবর প্রকাশ হওয়ার পর থেকে চীনের হাঁস-মুরগি খাতে ১ হাজার কোটি ইউয়ান লোকসান হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।