অবৈধ শ্রমিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে সৌদি আরব

অবৈধ ক্ষুদ্র ব্যবসায়ী ও বিদেশি শ্রমিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব। শাস্তি হিসাবে জেলও হতে পারে তাদের। এ সপ্তাহে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এমবিসিকে দেয়া এক বিবৃতিতে শ্রমমন্ত্রী আবদেল আল ফাকি একথা জানান। —খবর ডন অনলাইনের। টেলিভিশনটির ওয়েবসাইটে বিবৃতিটি পোস্ট করা হয়েছে। ফাকি বলেন, আমাদের দেশে ৭০ লাখেরও বেশি বৈধ বিদেশি কর্মচারীরা কাজ করে এবং আমাদের তাদেরকে প্রয়োজন। আমরা আরো ভিসা দিব। তবে তাদেরকে অবশ্যই এদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। নাগরিকদের মধ্যে বেকারত্ব কমাতে শ্রমবাজারে সংস্কার আনতে চাইছে। তারই অংশ হিসাবে দেশটি থেকে লক্ষ লক্ষ অবৈধ কর্মচারীদের ফেরত পাঠাচ্ছে। দেশটিতে বর্তমানে শতকরা ১২ ভাগ মানুষ বেকার রয়েছে। তবে তারা যদি এই উদ্যোগ অব্যাহত রাখে তবে দেশটির অর্থনীতিতে তা ভয়াবহ প্রভাব ফেলবে। কেননা সৌদির শক্তি খাত, অবকাঠামো ও শিল্পায়নে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া এবং আরব দেশগুলো থেকে আসা বিদেশি শ্রমিকদের বড় অবদান রয়েছে কয়েক দশক ধরেই। ফাকি জানান, গত কয়েক মাসে ২ লাখ বিদেশি শ্রমিককে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে। আগামী মাস থেকেই নতুন এই উদ্যোগ কার্যকর করা হবে। এছাড়া এক হাজার পরিদর্শক নিয়োগ দেয়া হবে পুলিশকে সহযোগিতা করার জন্য।