জন্মদিনে হাসান
প্রকাশ : ১৮ এপ্রিল ২০১৩, ২০:৫১
আজ এ দেশের অন্যতম ব্যান্ড তারকা হাসানের জন্মদিন। নিজের জন্মদিন প্রসঙ্গে হাসান বলেন, ‘জন্মদিন নিয়ে কখনোই বড় পরিসরে কিছু ভাবি না। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। সারাদিন বাসায়ই আছি। তেমন কোনো আয়োজনই নেই, তারপরও বন্ধুরা হয়তো বিকেলে বাসায় আসবে, তারাই জন্মদিনটিকে উত্সবমুখর করার জন্য কিছু করতে পারে। এ দিক থেকে আজকের ডিনারটা জম্পেশ হতে পারে।’
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই হাসান ভক্তরা বাজারে হাসানের নতুন কোনো গান বা অ্যালবাম পাচ্ছে না। নতুন অ্যালবামের প্রায় সবকটি গান নিয়ে হাসান প্রস্তুত থাকলেও খুব শীঘ্রই যে তা বাজারে আসছে এমনটাও নয়। এ প্রসঙ্গে হাসান বলেন, ‘আমার শ্রোতাদের একটা আলাদা রুচি আছে। যেমন তেমন গান দিয়ে তাদের সঙ্গে ধোঁকাবাজি করতে পারি না। তাই গানগুলোর পিছনে একটু সময় দিচ্ছি। তারপরও অ্যালবামে কী কী গান যাচ্ছে, ক’টি গান যাচ্ছে—এগুলো ফাইনাল। এমনকি গানগুলোর কাজও প্রায় শেষ। কিন্তু অডিও ইন্ডাস্ট্রির এলোমেলো আচরণ, পাইরেসিসহ নানা কারণে কী করব তা বুঝে উঠতে পারছি না। তারপরও দেখি একটু বুঝে শুনে অ্যালবামটি বাজারে ছাড়ব।’