ঈদে বড় পর্দায় আইরিন!
প্রকাশ : ১৮ এপ্রিল ২০১৩, ২০:৫২
চলচ্চিত্র শিল্পে আইরিনের বয়স খুবই অল্প। তার অভিনীত কোনো ছবি এখনও মুক্তি পায়নি। তবে রুপালি পর্দায় অভিষেকের সেই সময়টি বোধহয় আর বেশি দূরে নয়। ঈদে র্যাম্প মডেল আইরিনকে একজন চিত্রনায়িকা হিসেবে দেখতে পাবেন দর্শকরা। তবে আসছে রোজার ঈদে নয়, কোরবানির ঈদে রুপালি পর্দার ছোঁয়া পাচ্ছেন আইরিন। আইরিন বলেন, ‘আমি মোট ৫টি ছবিতে কাজ করছি। তার মধ্যে ‘সেই তুমি’র কাজ গত ১৬ এপ্রিল পুরোপুরি শেষ করলাম। আর বেশ তোড়জোড় দিয়ে কাজ চলছে ‘ছেলেটি আবোল তাবোল’ ও ‘ভালোবাসা জিন্দাবাদ’ ছবি দুটির। ‘সেই তুমি’ ছবিটি খুব শীঘ্রই মুক্তি পাবে, কবে নাগাদ মুক্তি পাবে এখনও ঠিক হয়নি। তবে আগামী কোরবানির ঈদে একটি ছবি মুক্তি পাচ্ছে এটি নিশ্চিত। এটি হলো ‘ভালোবাসা জিন্দাবাদ’। আর এগুলোর কাজেই ভালো ব্যস্ততা কাটছে, শুটিং আর ফটোশুট ছাড়া অন্য কিছুর জন্য সময় পাচ্ছি না।’ উল্লেখ্য, আইরিন ‘প্রিয়তমা আমি দাড়ি তুমি কমা’ নামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন অনেক আগে। তবে এর শুটিং বন্ধ হয়ে আছে দীর্ঘদিন। জানা যায়, কবে নাগাদ শুটিং হবে তার কোনো ঠিক-ঠিকানা নেই। অন্যদিকে, গত জানুয়ারিতে ‘এ কেমন প্রেমের গল্প’ ছবিটির শুটিং জানুয়ারিতে শুরু হওয়ার কথা থাকলেও এখনও শুরু হয়নি। জানা যায়, খুব শীঘ্রই এটির কাজও শুরু হয়ে যাবে।