ওয়েস্ট ইন্ডিজের সাবেক টেস্ট ব্যাটসম্যান ও বারবাডোজের সাবেক কোচ সেইমোর নার্স দীর্ঘ রোগ ভোগের পর গত সোমবার রাতে মারা গেছেন। ৮৫ বছর বয়সী নার্স ১৯৬০ থেকে ১৯৬৯ সালের মধ্যে ২৯টি টেস্ট খেলেছেন।
ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা ওপেনার ডেসমন্ড হেইন্স এই খবর জানিয়ে ফেসবুকে লিখেছেন, ‘আমার কোচ, আমার উপদেষ্টা, আমরা তার সময়ে বাস করতাম। আমরা সেইমোরের মতো ব্যাট করতে চেষ্টা করতাম, তার মতো হাঁটতে চেষ্টা করতাম, তার মতো কথা বলতে চেষ্টা করতাম। আপনি আমার জন্য যা করেছেন, তার জন্য ধন্যবাদ।’
বারবাডোজ থেকে উঠে আসা মিডল অর্ডার ব্যাটসম্যান নার্স ইংল্যান্ডের বিপক্ষে ১৯৬০ সালে প্রথম ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলার সুযোগ পান। প্রথম ইনিংসেই ৭০ রান করেছিলেন। কিন্তু মাঝে মাঝেই ইনজুরিতে পড়ে গুরুত্বপূর্ণ অনেক ম্যাচ মিস করেছেন। ১৯৬৬ সালে ইংল্যান্ড সফরে নার্স দলে নিজেকে নিয়মিত করেন। ৫ টেস্টে ৫০১ রান করেছিলেন ওই সফরে। এর মধ্যে চারটি ফিফটি ও একটি সেঞ্চুরি ছিলো। এই পারফরম্যান্সের পর ১৯৬৭ সালে তিনি উইজডেন ক্রিকেটার অব দ্য ইয়ারের স্বীকৃতি পেয়েছিলেন।
নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চে অসাধারণ ২৫৮ রানের ইনিংস খেলেছিলেন নিজের শেষ টেস্টে। সবমিলিয়ে ৪৭.৬০ গড়ে ২,৫২৩ রান করেছেন তিনি টেস্টে। এ ছাড়া ১৪১টি প্রথম শ্রেণির ম্যাচে ৪৩.৯৩ গড়ে ৯,৪৮৯ রান করেছেন তিনি।
অবসরের পর বারবাডোজের নির্বাচক ও টিম ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন। লম্বা সময় ধরে বারবাডোজ ন্যাশনাল স্পোর্টস কাউন্সেলের কোচ ছিলেন।