পাটগ্রাম সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর সীমান্ত থেকে তহিদুল ইসলাম (২৩) নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সে ঝালাঙ্গী গ্রামের অলিয়ার রহমানের ছেলে। এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, বুধবার রাত ৯টার দিকে সীমান্তের ৮৫৪ নম্বর মেইন পিলারের ৩ নম্বর সাব পিলারের নিকট ভারতীয় গরু ব্যবসায়ীদের নিয়ে আসা গরু আনতে গেলে ভারতীয় চ্যাংড়াবান্ধা রতনপুর বিএসএফ ব্যাটালিয়নের টহল দলের সদস্যরা তহিদুলকে আটক করে ধরে নিয়ে যায়। এ ব্যাপারে বিজিবি’র লালমনিরহাট-১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহবুবুর রহমান জানান, ওই ঘটনায় গতকাল বৃহস্পতিবার সীমান্তে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিএসএফ জানিয়েছে, তারা তাদের দেশের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন।