ফরিদপুর কারাগারে হাজতীর মৃত্যু
প্রকাশ : ১৮ এপ্রিল ২০১৩, ২১:১৫
ফরিদপুর জেলা কারাগারের এক হাজতী হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। মৃত রফিক শেখের (৫০) বাড়ি জেলার নগরকান্দা উপজেলার শ্রীরামদি গ্রামে। বৃহস্পতিবার ভোরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান।
কারাগারের জেল সুপার জাহানারা বেগম বলেন, ভোর ৫টার দিকে ওই হাজতীর শ্বাসকষ্ট দেখা দিলে কারাগারের চিকিত্সক তাকে পরীক্ষা করেন। তার অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিক্যালে প্রেরণ করা হয়। সেখানে ভর্তি করার প্রায় ৪৫ মিনিট পর তিনি মারা যান। জেল সুপার বলেছেন, চিকিত্সকরা নিশ্চিত করেছেন যে রফিক হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। তিনি বলেন, আগে থেকেই অসুস্থ রফিক মারা যাওয়ার আগ পর্যন্ত কারাগারের হাসপাতালেই চিকিত্সাধীন ছিল। জেল সুপার জানিয়েছেন একটি মারামারি মামলার আসামি হিসেবে রফিককে গত ১৪ এপ্রিল আদালত কারাগারে পাঠায়। এদিকে হাজতীর মৃত্যু খবর জেনে সাংবাদিকরা মর্গে গেলে কারারক্ষীরা মরদেহ দেখতে বাধা দেয়। এ বিষয়ে জেল সুপার বলেন, মরদেহ দেখতে বাধা দেয়া হয়নি, ছবি তুলতে ও ভিডিও করতে নিষেধ করা হয়েছিল।