সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সম্পাদকসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা
প্রকাশ : ১৮ এপ্রিল ২০১৩, ২১:১৫
সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকসহ ৪০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হক সরকার বাদী হয়ে বুধবার রাতে সিরাজগঞ্জ সদর থানায় মামলাটি দায়ের করেন। এ ঘটনায় মোটর শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। মামলা প্রত্যাহার না করলে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের হুমকি দিয়েছে শ্রমিক নেতৃবৃন্দ।
মামলায় উল্লেখ করা হয়েছে সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনছার আলী, শ্রমিক রানা, মুরাদ, সুমন, কালামসহ সিরাজগঞ্জ জেলা বাস শ্রমিক ইউনিয়নের আরও ৩০ থেকে ৩৫ জন অজ্ঞাতনামা শ্রমিক ১৭ এপ্রিল দুপুরে কাজিপুর-কোনাবাড়ী রুটে চলাচলকৃত বিআরটিসি বাস ঢাকা যাওয়ার পথে সিরাজগঞ্জ সড়ক ও জনপথ অফিসের সামনে গতিরোধ করে। এ সময় তারা বাসের ড্রাইভার হেলাল উদ্দিন, সুপার ভাইজার নজরুল ইসলাম ও হেলপার আশরাফ আলীকে মারপিট করে। তাদের নিকট থেকে নগদ সাড়ে ২৮ হাজার টাকা, একটি মোবাইল সেট নিয়ে আসামিরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক রহিম উদ্দিন বলেন, মামলাটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনছার আলী বলেন, সিরাজগঞ্জের কয়েকজন শ্রমিকের সাথে বিআরটিসির বাসের ড্রাইভার হেলপারের সাথে ভুলবুঝাবুঝির ঘটনা ঘটে। তাত্ক্ষণিকভাবে শ্রমিক নেতাদের মাধ্যমে বিষয়টি মীমাংসা করা হয়। কিন্তু হঠাত্ করে মোজাম্মেল হক সরকার অসত্ উদ্দেশ্য নিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করেছেন।
পাথর ব্যবসায়ীর লাশ উদ্ধার
সিরাজগঞ্জে এক পাথর ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে শহরের এস এস রোডের আলহাজ্ব আব্দুস সালামের মার্কেটের তৃতীয় তলার একটি রুম থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যবসায়ী আনোয়ার হোসেন (৪৩) চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বালিয়াদীঘি গ্রামের মৃত সেকান্দার আলীর পুত্র।