চাঁদ সুলতানা পদক পেলেন শিক্ষাবিদ অধ্যাপক আ. রফিক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০১৩, ২২:২৮
২০১২ সালের চাঁদ সুলতানা পদক পেয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এবং ইউনেস্কোর সাবেক প্রোগ্রাম অফিসার শিক্ষাবিদ অধ্যাপক আব্দুর রফিক। গতকাল ধানমন্ডিস্থ আহছানিয়া মিশন মিলনায়তনে তার হাতে এই পদক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা আহছানিয়া মিশনের সভাপতি কাজী রফিকুল আলম।
ব্যারিস্টার রফিক উল হক বলেন, শিক্ষাবিদ অধ্যাপক আব্দুর রফিকের মতো একজন নিরলস মানুষকে এই পদক দিয়ে আহছানিয়া মিশন গর্বিত হয়েছে। তিনি আহছানিয়া মিশনের নির্মাণাধীন ক্যান্সার হাসপাতালের কাজ অতিদ্রুত শেষ করার জন্য সমাজের সকলের প্রতি আহবান জানান। দেশের চলমান রাজনৈতিক অবস্থা নিয়ে তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, সঙ্কট না থাকলে দেশ চলবে কি করে । তবে তত্ত্বাবধায়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের সমস্যা অর্ধেকটাই সমাধান হয়েছে, বাকিটাও হয়ে যাবে। এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।