অসুস্থ মাহমুদুর রহমানকে বঙ্গবন্ধু মেডিক্যালে ভর্তি
প্রকাশ : ১৮ এপ্রিল ২০১৩, ২২:৩০
দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান অনশন করে অসুস্থ হয়ে পড়েছেন। তিন দফা দাবিতে গত চারদিন ধরে তিনি অনশন করছেন। অনশনরত অবস্থায় কারাগারে অসুস্থ হয়ে পড়লে গতকাল বৃহস্পতিবার তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করা হয়। এ প্রসঙ্গে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ফরমান আলী জানান, মাহমুদুর রহমানকে অনশন ভাঙ্গানোর জন্য আমরা অনুরোধ করেছিলাম। কিন্তু তিনি আমাদের অনুরোধ শোনেননি। তিনি কারা কর্তৃপক্ষের দেয়া কোন খাবারও গ্রহণ করেননি। এ অবস্থায় সিভিল সার্জনের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিন দফা দাবিতে গত সোমবার থেকে অনশন করছেন মাহমুদুর রহমান। তার দাবিগুলো হচ্ছে: তার বয়োবৃদ্ধ মায়ের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, বেআইনভাবে গ্রেফতার আমার দেশ পত্রিকার ১৯ কর্মচারীকে মুক্তি, পত্রিকার ছাপাখানায় লাগানো তালা খুলে দিতে হবে ও পত্রিকা প্রকাশের অনুমতি দিতে হবে। কারা কর্তৃপক্ষ মাহমুদুর রহমানকে অনশন ভাঙ্গার জন্য অনুরোধ জানালে তিন দফা দাবি মানা না পর্যন্ত অনশন চালিয়ে যাবেন বলে জানান। গতকাল হাইকোর্টে মাহমুদুর রহমানের রিমান্ডের শুনানি শেষে তার আইনজীবীরা এ তথ্য জানায়।