হারারে টেস্ট
লড়াইয়ে ফিরল বাংলাদেশ
প্রকাশ : ১৮ এপ্রিল ২০১৩, ২২:৩০
হারারে টেস্টের দ্বিতীয় দিনের প্রথম দুই সেশন জিম্বাবুয়ের হলেও শেষ সেশনটা সফরকারী বাংলাদেশের। স্বাগতিকদের প্রথম ইনিংসে ৩৮৯ রানের জবাবে বাংলাদেশ গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় দিনশেষে স্কোরবোর্ডে তুলেছে এক উইকেটে ৯৫ রান। জিম্বাবুয়ের প্রথম ইনিংসের চেয়ে এখনো মুশফিকুর রহিমরা ২৯৪ রানে পিছিয়ে। উইকেটে রয়েছেন জহিরুল ইসলাম ৩৮ রানে এবং মোহাম্মদ আশরাফুল ২৩ রানে।
প্রথমদিনের মত কাল দ্বিতীয় দিনের প্রথম দুই সেশন দাপট দেখিয়েছে ব্রেন্ডন টেইলর। ম্যালকম ওয়ালারকে সঙ্গে নিয়ে চতুর্থ উইকেটে ১২৭ রান এবং সপ্তম উইকেটে গ্রায়েম ক্রেমারকে সঙ্গে নিয়ে ১০৬ রানের দুটি পার্টনারশীপই জিম্বাবুয়েকে বড় রান এনে দিয়েছেন স্বাগতিক দলের এই অধিনায়ক।
উইকেটে আকড়ে থাকা টেইলরকে অবশ্য ফিরিয়ে দিয়েছেন ইনজুরি থেকে ফেরা এনামুল হক জুনিয়র। এই স্পিনার আরো দুটি উইকেট পেয়েছিলেন। তবে স্পিনারদের পাশাপাশি কোচ জার্গুনসেনকে খুশি করেছেন পেসাররা। রবিউল ইসলাম শিপলু (৩) ও রুবেল হোসেন (২) মিলে জিম্বাবুয়ের পাঁচ উইকেট ফেলেছেন।
টেইলরকে ফেরানোর পর স্বাগতিকদের ইনিংস বেশি দূর এগুয়নি। ৩৪৪ রানের মাথায় টেইলর ১৭১ রান করে ফিরে যাওয়ার পর দলের স্কোর থেমে যায় ৩৮৯ রানে।
চা বিরতির পর ব্যাট করতে নেমে শুরুটা বাংলাদেশের প্রত্যাশিত হয়নি। ইনিংসের প্রথম ওভারে জারভিসের বলে স্লিপে জহিরুলের ক্যাচ ফেলেছেন ক্রেমার। বেঁচে যাওয়া জহিরুলকে ফেরাতে না পারলেও শাহরিয়ার নাফীসকে লেগে ক্যাচ বন্দি করে ঠিকই বাংলাদেশের উইকেট ভেঙ্গেছেন জিম্বাবুয়ের বোলাররা। ৩৯ বলে ২৯ রান করা নাফীস আক্রমণাত্মক শুরু করে আরও একবার বড় ইনিংস খেলতে ব্যর্থ হলেন।