অস্ত্র নিয়ন্ত্রণ বিরোধীদের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ওবামার

যুক্তরাষ্ট্রে অস্ত্র ক্রেতাদের ব্যক্তিগত তথ্য যাচাইয়ে কড়াকড়ি করার বিষয়ে আইনে সংস্কারের প্রস্তাব নাকচ করে দিয়েছে দেশটির সিনেট। এ ঘটনায় অস্ত্র নিয়ন্ত্রণ বিরোধী সিনেটরদের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। খবর বিবিসির। প্রস্তাবটির পক্ষে ৪৬ ভোট ও বিপক্ষে ৫৪টি ভোট পড়ে। এই আইন সংশোধন করতে আরো ছয়টি অর্থাত্ ৬০টি ভোটের প্রয়োজন ছিল। ওবামা বলেন, বুধবার দিনটি ওয়াশিংটনের জন্য খুবই লজ্জাজনক। তবে অস্ত্র নিয়ন্ত্রণে নিজের চেষ্টা অব্যাহত রাখার কথা ব্যক্ত করেন ওবামা। তিনি বলেন, এটিই শেষ চেষ্টা নয়। প্রেসিডেন্ট ওবামা এই পরিকল্পনা বাতিলের জন্য রিপাবলিকানদের দায়ী করেন। সিনেটে সংশোধনী প্রস্তাবটি বাতিল হওয়ার পর এটাকে এক ধরনের বিজয় হিসেব দেখছে অস্ত্র নিয়ন্ত্রণ বিরোধীরা। প্রস্তাবের বিপক্ষে বিরোধী দল রিপাবলিকান ও কিছু ডেমোক্র্যাটদের দেয়া ভোটের কারণে পরিকল্পনাটি বাতিল হয়। গত বছরের ডিসেম্বরে কানেকটিকাটের স্যান্ডি হুক স্কুলে এক বন্দুকধারীর গুলিতে ২০ শিশুসহ ২৬ জন নিহত হওয়ার পর থেকেই প্রেসিডেন্ট ওবামা দেশটিতে কঠোর অস্ত্র নিয়ন্ত্রণ আইন করার প্রচারণা চালাচ্ছেন। প্রস্তাবটি বাতিল হওয়া তার প্রচারণার জন্য বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রে এমন সময় এই প্রস্তাবনাটি বাতিল হলো যখন এর দুইদিন আগে বোস্টনের ম্যারাথনে বোমা বিস্ফোরণে তিনজন নিহত ও শতাধিক মানুষ আহত হয়।