৩ দিন নিখোঁজ থাকার পর পশুর নদী থেকে ট্রলার ব্যবসায়ীর লাশ উদ্ধার

তিন দিন নিখোঁজ থাকার পর মংলার পশুর নদী থেকে সেলিম নামের এক ট্রলার ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার পুলিশ ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠিয়েছে। নিহতের চাচা মংলা পোর্ট পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর আ: কাদের তালুকদার জানান, তার ভাইয়ের ছেলে সেলিম তালুকদার (৩১) গত সোমবার বাড়ী থেকে বের হয়ে গত ৩ দিন ধরে নিখোঁজ ছিলেন। গত বুধবার সকালে পশুর নদীর বাজুয়া এলাকায় সেলিমের মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হলেও সেলিমের স্বজনদের দাবি, তাকে হত্যা করে লাশ নদীতে ফেলে দেয়া হয়েছে। নিহতের চাচা আরো জানান, সেলিম দু’টি ট্রলার দিয়ে তার ব্যবসায় চালিয়ে আসছিলেন। সাধারণত তিনি নিজেই ট্রলার চালালেও নিখোঁজ হওয়ার পর তার ট্রলার দু’টি ঘাটেই ছিল। কে বা কারা তাকে অপহরণের পর হত্যা করেছে বলে অভিযোগ করেন নিহত সেলিমের পিতা আ: হালিম তালুকদার। সেলিমের বাড়ী মংলা শহরতলীর সিগনাল টাওয়ার এলাকায়। এ বিষয়ে মংলা থানার উপ-পরিদর্শক জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে, মৃত্যুর কারণ তদন্ত শেষ না হলে জানা যাবে।