টি টুয়েন্টি বিশ্বকাপ ভেন্যু পরিদর্শনে আইসিসি প্রতিনিধি দল সিলেটে
প্রকাশ : ১৮ এপ্রিল ২০১৩, ২২:৩৩
আসন্ন টি টুয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের সম্ভাব্য ভেন্যু হিসাবে সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেছে আইসিসির একটি প্রতিনিধি দল। গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক ভেন্যু হওয়ার জন্য মাঠটি উপযুক্ত কিনা এ ব্যাপারে প্রয়োজনীয় বিভিন্ন দিক পর্যবেক্ষণ করে দেখেন তারা। আজ শুক্রবার প্রতিনিধি দল প্র্যাকটিস গ্রাউন্ড পরিদর্শন করবেন।
এর মাধ্যমে আন্তর্জাতিক ভেন্যুর দাবিতে সিলেটে দীর্ঘদিন ধরে আন্দোলনকারী ক্রিকেটানুরাগীদের মনে নতুন করে আশার সঞ্চার হয়েছে। তারা মনে করছেন, আইসিসির সব শর্ত পূরণ করে অচিরেই সিলেটকে আন্তর্জাতিক ভেন্যু করার ব্যাপারে বিসিবি কার্যকর ভূমিকা রাখবে। আর নিজেদের মাঠে বসেই আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচসহ আগামী বিশ্বকাপের খেলা দেখার স্বপ্ন পূরণ হবে সিলেটবাসীর।
প্রতিনিধি দলটিতে রয়েছেন টি টুয়েন্টি বিশ্বকাপের ইভেন্ট ম্যানেজার ক্রিষ্ট্যাটলি, টুর্নামেন্ট পরিচালক ধীরাজ মালহোত্রা, আইসিসির মিডিয়া ম্যানেজার সামিউল হক খান, আইসিসির ক্রিকেট অপারেশন্স ম্যানেজার ক্লাইভ হিচকক, ফিকার সেক্রেটারি ইয়াং স্মিথ ও ব্রড কাষ্টার পল ঘোষ। এ সময় তাদের সঙ্গে ছিলেন বিসিবির ডিরেক্টর এসআই মল্লি¬ক, লোকমান হোসেন, এনায়েত হোসেন সিরাজ, বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী প্রমুখ।
পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিং দেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। এসময় জালাল ইউনুস আশা প্রকাশ করে বলেন, প্রতিনিধি দলটি আইসিসির কাছে শিগগিরই রিপোর্ট পেশ করবেন। এর ভিত্তিতে হয়তো আন্তর্জাতিক ভেন্যুর স্বীকৃতি মিলবে।