নারীদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে
প্রকাশ : ১৮ এপ্রিল ২০১৩, ২২:৩৩
প্রথম আলোর সম্পাদক খতিবের পা ধরে ক্ষমা চাইতে পারলে নারীদের কাছেও প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছেন নারী নেত্রী খুশী কবির। গতকাল বৃহস্পতিবার বিকালে রাজধানীর কাওরান বাজারে প্রথম আলো কার্যালয়ের পাশে এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। নারীদের প্রতি অবমাননাকর লেখা প্রকাশের প্রতিবাদে ‘আমরা কজনা’র ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বেসরকারি সংস্থা নিজেরা করির সমন্বয়কারী খুশী কবির বলেন, ইচ্ছা করল আর একটা লেখা ছাপানো হলো, তার পরে আবার বলা হলো যে ক্ষমা চাই। এটা হতে পারে না। এ ক্ষমা গ্রহণযোগ্য হতে পারে না। খতিবের পা ধরে যদি মাফ চাইতে পারে তাহলে যে নারীদের অপমান করা হয়েছে, শাহবাগে গণজাগরণ মঞ্চে গিয়ে সে নারীদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। তবেই ক্ষমা গ্রহণযোগ্য হবে। খুশী কবীর বলেন, শুধু প্রথম আলো নয়, লেখক হাসনাত আবদুল হাইকেও নারীদের কাছে ক্ষমা চাইতে হবে। প্রথম আলোর এ ধরনের ক্ষমা চাওয়া গ্রহণযোগ্য নয়।
নারী সংবাদকর্মী সুমী খান বলেন, নারীদের বিরুদ্ধে এ ধরনের লেখা প্রকাশ করা থেকে সংবাদ মাধ্যমগুলোকে বিরত থাকা উচিত। এভাবে চলতে দেয়া যায় না। নারী সাংবাদিক সুপ্রীতি ধর বলেন, ভুল করে পত্রিকায় কোনো লেখা-গল্প ছাপা হতে পারে না। এ জন্য তাদের প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। মানববন্ধনে অন্যান্যের মধ্যে অংশ গ্রহণ করেন সাংবাদিক রেহানা পারভীন রুমা, মুন্নী সাহা, অমিয় ঘটক পুলক, শুক্লা সরকার, আলফা আরজু। মানববন্ধনে সংহতি প্রকাশ করেন ভারতের পাঞ্জাব থেকে আসা সাংবাদিক তারিক ফাতাহ। গত ১৪ এপ্রিল প্রথম আলোর পহেলা বৈশাখ সংখ্যায় হাসনাত আবদুল হাইয়ের লেখা ‘টিভি ক্যামেরার সামনে মেয়েটি’ শিরোনামে একটি গল্প প্রকাশিত হয়। এতে শাহবাগ আন্দোলনের নারী নেতা-কর্মীদের ইঙ্গিত করে অবমাননাকর বক্তব্য প্রকাশ করা হয় বলে অভিযোগ উঠে।