হাসপাতাল ছাড়লেন ক্যাসিয়াস

হাসপাতাল থেকে ছাড়া পেলেও নিজের ভবিষ্যত্ নিয়ে অনিশ্চয়তার মধ্যে আছেন বিশ্বকাপ জয়ী গোলরক্ষক ইকার ক্যাসিয়াস। গত বুধবার পর্তুগালের ক্লাব পোর্তোর হয়ে অনুশীলনের সময় হূদরোগে আক্রান্ত হন স্পেন ও রিয়াল মাদ্রিদের সাবেক এই খেলোয়াড়।

পরে পোর্তো শহরেরই এক হাসপাতালে অস্ত্রোপচার হয় তার। সেখানে চিকিত্সাধীন থাকার পর গত সোমবার ছাড়া পান ৩৭ বছর বয়সী ক্যাসিয়াস। পোর্তোর ওই হাসপাতালের বাইরে এসে তিনি রিপোর্টারদের সাথে কথা বলতে গিয়ে মেডিক্যাল স্টাফদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। বিশেষ করে আগের সপ্তাহটিতে তারা খেলোয়াড়টিকে যে ব্যাপক সেবা দিয়েছে সেজন্য।

এরপরই তিনি উল্লেখ করেন আবার ফুটবলে ফিরবেন কিনা সেটা সময় নিয়ে জানাবেন। তিনি বলেন, ‘আমাকে কয়েক সপ্তাহ কিংবা কয়েক মাস অপেক্ষা করে দেখতে হবে। আমি জানি না ভবিষ্যতে কি ঘটবে। তারচেয়েও গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এখানে উপস্থিত হতে পারা এবং শান্তভাবে কথা বলতে পারা।’

পর্তুগীজ ক্লাবটির চিকিত্সা বিভাগের প্রধান নেলসন পুগা অবশ্য এর আগে জানিয়েছিলেন হূদরোগে আক্রান্ত হওয়ার ঘটনা স্পানিশ খেলোয়াড়টির ভবিষ্যত্্ জীবনের ক্ষেত্রে কোনো বিরূপ প্রভাব ফেলবে না। তবে এই ঘটনার পর ক্যাসিয়াস আর ফুটবল ক্যারিয়ার অব্যাহত রাখতে পারবেন কি না, সে ব্যাপারে তিনি কিছু বলেননি।

স্পেনের হয়ে ২০১০ বিশ্বকাপ জেতা এই গোলরক্ষক ২০১৫ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে পোর্তোয় যোগ দেন। জাতীয় দলের হয়ে দুবার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ছাড়াও রিয়াল মাদ্রিদের হয়ে অসংখ্য সাফল্য পেয়েছেন ক্যাসিয়াস।

রিয়ালের হয়ে ১৯টি ট্রফি জয় আছে তার। এর মধ্যে পাঁচবার লা লিগা ও তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন এ মাসেই ৩৮ বছরে পা দিতে যাওয়া বিশ্ব বিখ্যাত খেলোয়াড়টি। গত মৌসুমে পোর্তোর হয়ে লিগ শিরোপাও জিতেছেন তিনি। এ বছরের মার্চেই তিনি পোর্তোর সাথে নতুন করে দুই বছরের জন্য চুক্তি নবায়ন করেছিলেন।

গত দুই মৌসুমে পোর্তোর চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জনের পেছনেও অবদান আছে তার। চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি ১৭৭ ম্যাচ খেলার রেকর্ডটিও ক্যাসিয়াসের দখলে। —সিএনএন