শুভ সূচনায় উচ্ছ্বসিত রুট

ইংল্যান্ডের সামনে দীর্ঘ ও রোমাঞ্চকর এক গ্রীষ্ম অপেক্ষা করছে। প্রথমে লম্বা ওয়ানডে বিশ্বকাপ। এরপর অ্যাশেজ। এই দীর্ঘ মৌসুমের সূচনাতেই ভালো দুটো জয় পেয়েছে ইংল্যান্ড। প্রথমে আয়ারল্যান্ডের বিপক্ষে অপ্রত্যাশিত টানটান উত্তেজনার ওয়ানডে ম্যাচ জিতেছে তারা। এরপর পাকিস্তানের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টিতে ৭ উইকেটের জয় পেয়েছে দলটি। আর দলের এই দারুণ সূচনায় খুবই উচ্ছ্বসিত জো রুট।

আয়ারল্যান্ডের ছুড়ে দেওয়া দারুণ চ্যালেঞ্জ পার করেছে ইংলিশরা ডাবলিনে। এরপর কার্ডিফে একমাত্র টি-টোয়েন্টি জিতেছে পাকিস্তানের বিপক্ষে। পাকিস্তান আগে ব্যাট করে ৬ উইকেটে ১৭৩ রান তুলেছিল; ফিফটি করেছিলেন বাবর আজম ও হারিস সোহেল। জবাব দিতে গিয়ে ৪ বল বাকি থাকতে জয় পায় ইংলিশরা।

টি-টোয়েন্টির এক নম্বর দল পাকিস্তানের বিপক্ষে এই জয়ের পর রুট বলছেন, তারা সঠিক পথে আছেন, এটাই প্রমাণ হয়েছে। বিশ্বকাপের আগে এই ফল রুটকে সন্তুষ্ট করেছে, ‘দলের ছেলেদের একত্রিত হয়ে হূদয় উজাড় করে দিয়ে খেলাটা দেখা খুব রোমাঞ্চকর ছিল। এই দীর্ঘ গ্রীষ্মের শুরুটা ভালো হলো। আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল এই দুটো জয়। যদিও এটা (টি-টোয়েন্টি) ভিন্ন ফরম্যাট। কিন্তু আমাদের স্কোয়াডের সিংহভাগ খেলোয়াড়ই ৫০ ওভারেও খেলবে। আমাদের জন্য এটা সঠিক পথে থাকার জন্য দারুণ একটা সুযোগ ছিল। সেই সাথে এই জয়ের গতিটা আমরা ওয়ানডে সিরিজে নিয়ে যেতে পারবো বলে আশা করি। পরপর দুটো ম্যাচ জেতাটা সন্তোষজনক ছিল। আশা করি এই ফর্মটা আমরা আগামী ৫টা ম্যাচেও ধরে রাখতে পারবো।’ ইংল্যান্ডের জন্য এই দুটো জয় আরেকটু তাত্পর্যপূর্ণ হয়েছে তাদের বেশ কিছু তারকার অনুপস্থিতির কারণে। নিয়মিত খেলোয়াড়দের মধ্যে জনি বেয়ারস্টো, জস বাটলার, বেন স্টোকস পাকিস্তানের বিপক্ষে এই টি-টোয়েন্টি খেলেননি।

এদের অনুপস্থিতিতে ওপেনিং ব্যাটসম্যান জেমস ভিন্স ২৭ বলে ৩৬ রানের একটা ইনিংস খেলেছেন। যিনি এই দলেও এসেছেন জেসন রয়ের ইনজুরিতে। অন্য দিকে ১৭৪ রান তাড়া করে জেতার পথে জো ডেনলি ১২ বলে ২০ রানের একটা অপরাজিত ইনিংস খেলেন।

এই ম্যাচে জোফরা আর্চারও তার নামের প্রতি সুবিচার করেছেন। আয়ারল্যান্ডের বিপক্ষেই অনেক হইচই করে অভিষেক হয়েছে বারবাডোজে জন্ম নেওয়া আর্চারের। পাকিস্তানের বিপক্ষে হাই স্কোরিং টি-টোয়েন্টিতে ২৯ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন তিনি। রুট বলছিলেন, আর্চার প্রমাণ করেছেন যে, তিনি সবসময় দলের হয়ে কিছু করতে চান, ‘আপনারা দেখেছেন যে, ও দলে কী যোগ করতে পারে। সে দলে বাড়তি গতি যোগ করতে পারে। সে এমন একজন খেলোয়াড়, যে দ্রুত খেলায় ঢুকে যেতে পারে এবং সবসময় কিছু করতে চায়। এটা অসাধারণ একটা যোগ্যতা।’ রুট বলছিলেন, তাদের এই ম্যাচগুলো আর্চারের মতো তরুণ ক্রিকেটারদের জন্য দারুণ একটা সুযোগ। তারা বিশ্বকাপের আগে নিজেদের প্রমাণ করে ফেলতে পারে, ‘এই খেলা ইংল্যান্ডের হয়ে যারা বেশি ম্যাচ খেলেনি, তাদের জন্য অসাধারণ একটা অনুভূতি। এইসব তরুণদের জন্য এরকম ম্যাচগুলো থেকে কিছু পাওয়াটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এটা তাদের ওপর নির্ভর করে যে, তারা এসব সুযোগ কিভাবে গ্রহণ করবে।’