শ্রীলঙ্কার নিরাপত্তা পর্যবেক্ষণ করছে বিসিবি

বিশ্বকাপ ক্রিকেটের পরপরই শ্রীলঙ্কা সফরে যেতে পারে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। স্বাগতিকদের বিরুদ্ধে তিনটি ওয়ানডে খেলার কথা বাংলাদেশের। গত মাসে কলম্বোর কয়েকটি গীর্জা-হোটেলে বোমা বিস্ফোরণে প্রায় ৩০০ মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে বহু মানুষ। তারপর থেকে শ্রীলঙ্কা সফর ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ইতোমধ্যে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের শ্রীলঙ্কা সফর অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

টাইগারদের জুলাইয়ের সফর নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি বিসিবি। শ্রীলঙ্কার নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিসিবি। গতকাল বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন, সফরটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে নানা কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করবে বিসিবি। শ্রীলঙ্কার পরিস্থিতি নিয়ে চিন্তায় আছে বিসিবিও।

গতকাল নিজাম উদ্দিন চৌধুরী সুজন ক্রিকইনফোকে বলেছেন, ‘আমরা সামগ্রিক পরিবেশ নিয়ে চিন্তিত। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়, শ্রীলঙ্কায় বাংলাদেশ হাই কমিশনের সঙ্গে আলাপ করবো। এই মাসের শেষ দিকে এশিয়া ক্রিকেট কাউন্সিলের সভায় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা করবো।’ মূলত চলতি বছরের ডিসেম্বরে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি ওয়ানডে খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু একই সময়ে বিসিবি আয়োজন করতে চায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। তাই বিসিবির অনুরোধেই জুলাইয়ে এগিয়ে আনা হয়েছে ম্যাচগুলো। ২৫, ২৭, ২৯ জুলাই অনুষ্ঠিত হতে পারে তিনটি ওয়ানডে। তবে শ্রীলঙ্কার নিরাপত্তা পরিস্থিতির কারণে অনেকটাই অনিশ্চিত হয়ে পড়লো এই সিরিজ।