খুলনায় পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় তিনদিনের ম্যাচে ভালো অবস্থানে আছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল। গতকাল ম্যাচের দ্বিতীয় দিন শেষে ১০১ রানে এগিয়ে আছে স্বাগতিকরা। আজ ম্যাচের তৃতীয় ও শেষ দিনে ফলাফল আসার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে চালকের আসনে থাকা বাংলাদেশের কিশোরদের আজ দ্রুত রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করতে হবে। এবং পাকিস্তান দলকে অলআউট করতে হবে।
গতকাল দ্বিতীয় দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে ৯ ওভার ব্যাট করে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ২৯ রান। সাকিব শাহরিয়ার ১৮, রাফসান জানি ৫ রানে অপরাজিত রয়েছেন। রিহাদ খানের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ২৯২ রান তুলেছিল বাংলাদেশ দল। প্রথম ইনিংসে ৭২ রানের লিড পেয়েছিল স্বাগতিকরা। এর আগে গতকাল প্রথম ইনিংসে ৮৩.২ ওভার ব্যাট করে ২২০ রানে অলআউট হয়েছে পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দল। আগের দিনের ২ উইকেটে ২০ রানের সঙ্গে গতকাল বাকি আট উইকেটে ২০০ রান যোগ করে সফরকারীরা। উমর ঈমান ৫৭, কাসিফ আলী ২২, আসীর মুগল ২২, সামির সাকিব ১৯, আলী আসফান্ড ১৮, হাসিবউল্লাহ ১৫, ফয়সাল আকরাম ১১, খালিদ খান অপরাজিত ১২ রান করেন। বাংলাদেশের মুশফিক হাসান, মাহফুজুর রহমান তিনটি করে, আশিকুর রহমান, শাহরিয়ার আলম, রিহাদ খান একটি করে উইকেট পান।