দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক উন্নয়ন
দারিদ্র্য বিমোচনে পর্যাপ্ত বিনিয়োগ প্রয়োজন :বিশ্বব্যাংক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০১৩, ১৮:১৩
দক্ষিণ এশিয়ার অর্থনীতি ধীরে ধীরে শক্তিশালী হতে শুরু করলেও বেশকিছু ঝুঁকি রয়েছে। এর মধ্যে বিনিয়োগের অভাবই বড়। এদিকে পর্যাপ্ত বিনিয়োগ না হলে এ দেশগুলোর দারিদ্র্য দূরীকরণ প্রক্রিয়ার গতি শ্লথ হয়ে পড়তে পারে। প্রভাবিত হতে পারে অর্থনীতিও। বৃহস্পতিবার প্রকাশিত বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া সংক্রান্ত এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০০১২ সালে আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলংঙ্কার সম্মিলিত প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ৭ শতাংশ, যা সঙ্কটপূর্ব সময়ের চেয়ে কম। যদি আর্থিক নীতি ও বেসরকারি বিনিয়োগ বাড়ানো যায় তবে এ প্রবৃদ্ধির হার ২০১৩ সালের মধ্যে ৫ দশমিক ৫ শতাংশে উন্নীত করা সম্ভব। তবে এ জন্য বিনিয়োগের পরিবেশ সুসংসহত ও শক্তিশালী করার বিকল্প নেই। দক্ষিণ এশিয়ার অর্থনীতিতে কিছু ঝুঁকির বিষয় রয়েছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে এ অঞ্চলের দেশগুলোর চলতি হিসাবের উদ্বৃত্ত বাড়ছে, বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ কমছে এবং উচ্চ মূল্যস্ফীতির কারণে কেন্দ্রীয় ব্যাংক তার অনেক টুলস ব্যবহার করতে পারছে না। তাছাড়া অতিরিক্ত আমদানি বৃদ্ধিও এ অঞ্চলের জন্য একটি ঝুঁকির কারণ।