জোকস
প্রকাশ : ১৯ এপ্রিল ২০১৩, ১৯:১৫
এক সর্দারজি পুলিশের দপ্তরে চাকরি করেন। তো একবার তার দায়িত্ব পড়ল পাশের দুই ক্রোশ দূরের এক ভণ্ড সন্নাসীকে ধরে আনার। যথারীতি এক সকালে সেই ভণ্ড সন্নাসীর আস্তানায় গিয়ে গেরুয়া বসন আর মুণ্ডিত মস্তকের সন্নাসীকে ধরে কোমরে দড়ি বেধে থানার পথে রওনা দিলেন সর্দারজি। কিন্তু এতো দূরের পথ হাঁটতে হাঁটতে বেশ ক্লান্ত বোধ করছিলেন সর্দার। আর তার এই অবস্থা থেকে কাছেই কোনো একটা গাছের তলায় বসে খানিকটা বিশ্রামের পরামর্শ দিলেন কোমরে দড়ি বাধা সন্নাসী। সর্দারজিও ভাবলেন প্রস্তাবটা মন্দ না। এদিকে ভন্ড সন্নাসীর মাথায় তখন অন্য বুদ্ধি। তাই গাছের তলায় মিনিট পাঁচেক বিশ্রাম নেওয়ার পরই নিজের ঝোলায় আগে থেকেই ভরে রাখা এক বোতল মদ বের করলেন সন্নাসী। বললেন, ‘জেলখানায় গেলে তো আর এসব পাব না। তাই আস্তানা থেকে আসার সময় এক বোতল সঙ্গে করেই এনেছিলাম। তা আপনার একটু চলবে না কি!’ সর্দারজির আবার এই পানীয়টির প্রতি ভীষণ দূর্বলতা। তাই ভাবলেন গাছের তলায় বসে দু’এক গ্লাস হলে মন্দ কী। তারপর না হয় ধীরে সুস্থে থানার পথে পা বাড়ানো যাবে। কিন্তু দু’এক গ্লাসের জায়গায় সাত-আট গ্লাস মদ খেয়ে সর্দার এতোটাই ক্লান্ত হয়ে গেলেন যে তার ঘুম এসে গেল। ভণ্ড সন্নাসীও এই সময়টার অপেক্ষাতেই ছিলেন। তাই আস্তে করে নিজের কোমরের বাধন আলগা করে সেটা সর্দারকে পরিয়ে দিলেন তিনি। তারপর ঝোলা থেকে ক্ষুর বের করে সর্দারজির মাথার চুল কামালেন এবং সর্দারের পুলিশি পোশাকের সাথে নিজের গেরুয়া পোশাকটাও অদল বদল করে নিলেন। কিন্তু তখনও সর্দার বেহুঁশ প্রায়। অবশেষে প্রায় সন্ধ্যা নাগাদ যখন সর্দারজির ঘুম ভাঙল তখন তিনি প্রথমেই খুঁজতে লাগলেন ওই ভণ্ড সন্নাসীকে। কিন্তু এদিক ওদিক তাকিয়েও কাউকে না দেখার পর সর্দারজির হঠাত্ চোখ পড়ল নিজের দিকে। পরণের গেরুয়া পোশাক, কোমরে দড়ি আর মুণ্ডিত মস্তক দেখে সর্দারজি খুশিতে বলে উঠলেন, ‘আরে এই তো দেখছি সন্নাসী এখানে বসে, কিন্তু আমি তাহলে কোথায় গেলাম!’