শুরু হচ্ছে ‘এবি টিভি’-এর সম্প্রচার

গত কয়েক বছরে অনেকগুলো স্যাটেলাইট চ্যানেল যুক্ত হয়েছে আমাদের টেলিভিশনে। শুধু তাই নয়, আগামী দুয়েক বছরের মধ্যে আরও বেশ কিছু চ্যানেল যোগ হবে আমাদের টিভি রিমোটের মধ্যে। প্রস্তুতি চলছে তাদের। সেই ধারাবাহিকতায় এবার আসছে এবি টিভি (আমেরিকা-বাংলাদেশ টেলিভিশন)। তবে এই চ্যানেলটি আমাদের দেশের রিমোটের জন্য নয়, যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রবাসী বাঙালিদের জন্য নিউইয়র্ক থেকে যাত্রা শুরু করছে চ্যানেলটি। এরই মধ্যে চ্যানেলটির প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী মাস থেকেই এবিটিভির পরীক্ষামূলক সম্প্রচার শুরু হবে। ২৪ ঘণ্টার এই টেলিভিশন চ্যানেলটিতে থাকবে খবর। পাশাপাশি বাংলাদেশ ও আমেরিকার নির্মাতাদের নির্মিত নাটক, টেলিফিল্ম ও চলচ্চিত্র থাকছে অনুষ্ঠানমালায়। এ ছাড়া থাকবে ‘টক শো’, শিশুতোষ অনুষ্ঠান, স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান প্রভৃতি। তবে আমেরিকা প্রবাসী বাংলাদেশিদের সচেতন করতে বিশেষ গুরুত্ব দিয়ে প্রচার হবে চাকরির খবর, ক্যারিয়ার গঠন, ইমিগ্রেশন, শিক্ষা ও আইন বিষয়ক অনুষ্ঠান। এবিটিভি কর্তৃপক্ষ জানিয়েছেন, ‘যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে বিভিন্ন অনুষ্ঠান ও উত্সব সরাসরি সম্প্রচার করবে চ্যানেলটি। প্রতিদিনই থাকবে প্রবাসীদের বিভিন্ন কর্মকাণ্ড, সাফল্য, বিভিন্ন সোসাইটির অনুষ্ঠান, অপরাধ, সাংস্কৃতিক কর্মকান্ড নিয়ে বিশেষ প্রতিবেদন। বাংলাদেশেও ব্যুরো অফিস স্থাপন করেছে এবিটিভি। বাংলাদেশে স্বজনদের কাছে প্রবাসীদের খবর পৌঁছে দেওয়ার জন্য পর্যায়ক্রমে বাংলাদেশেও এবিটিভি সম্প্রচারের ব্যবস্থা করা হবে।’