৯ দিনব্যাপী সৈয়দ শামসুল হক নাট্যোত্সব

প্রাঙ্গণেমোর নাট্যদল প্রথমবারের মতো শুধুমাত্র সৈয়দ শামসুল হকের নাটক নিয়ে আয়োজন করেছে ‘জাগো বাহে, কোনঠে সবায়’ শীর্ষক ‘সৈয়দ শামসুল হক নাট্যোত্সব ২০১৩’। ৯ দিনব্যাপী আয়োজিত এই নাট্যোত্সব শুরু হয়েছে গতকাল থেকে এবং চলবে আগামী ২৭ এপ্রিল পর্যন্ত। গতকাল সন্ধ্যা ৬টায় এই নাট্যোত্সব উদ্বোধন করেন সৈয়দ শামসুল হকের নাটকের নির্দেশকরা—আতউর রহমান, আলী যাকের, সারা যাকের, নিখিল সেন, তারিক আনাম খান, গোলাম সরোয়ার ও সুদীপ চক্রবর্তী। নাট্যোত্সবে সৈয়দ শামসুল হকের রচিত নাটক থিয়েটারের ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’, নাগরিক নাট্য সম্প্রদায়ের ‘অপেক্ষমান’, কণ্ঠশীলনের ‘উত্তরবংশ’, পালাকারের ‘বাংলার মাটি বাংলার জল’ ও ‘নারীগণ’, পদাতিক নাট্য সংসদের ‘ম্যাকবেথ’ এবং প্রাঙ্গণেমোরের ‘ঈষা’ নাটক মঞ্চায়িত হবে। ২৫ এপ্রিল বিকেল ৪টায় জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে ‘কালের যাত্রায় সৈয়দ শামসুল হকের নাটক’ শিরোনামে সেমিনার অনুষ্ঠিত হবে। একই দিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে জাতীয় নাট্যশালার মূল হলে ‘নাট্যকার সান্নিধ্য’ শিরোনামে ভিন্ন আয়োজন করা হয়েছে, যেখানে তারই সৃষ্ট বিভিন্ন নাটকের চরিত্রগুলো অভিনীত হবে।