যারা পরীক্ষার সময় হরতাল ডাকে, তারা দেশপ্রেমিক নয়

তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি ও কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাসানুল হক ইনু বলেছেন, যারা পরীক্ষার সময় হরতাল ডাকে, ট্রেন ফেলে দেয়, গাড়ি-ড্রাইভার আগুনে পুড়িয়ে মারে তারা দেশপ্রেমিক নয়, তারা জঘন্য অপরাধী। অপরাধী কর্মকাণ্ড থেকে আন্দোলন ও রাজনীতিকে মুক্ত করতে হবে। আন্দোলন করার নামে যারা জাতির অগ্রগতিতে বাধা দেয় তারা দেশের মঙ্গল চায় না। বিদ্যুত্ কেন্দ্র পুড়িয়ে দেয়, দলিল পোড়ায়, স্কুলে বাচ্চাদের গায়ে বোমা মারে, দেশকে তারা পিছিয়ে দেয়। জঙ্গী, সন্ত্রাসী, দুর্নীতিবাজ ও যুদ্ধাপরাধীদের পক্ষ ত্যাগ করার জন্য বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান তিনি। ইনু বলেন, খালেদা জিয়া ও জামায়াতের সশস্ত্র আক্রমণ পরিচালনা এবং যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করার ঘোষণা গণতন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনা ও বাংলাদেশের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ। গতকাল শুক্রবার কুষ্টিয়ার ভেড়ামারা শহরের সাতবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জুনিয়াদহ মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি ও ভেড়ামারা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আমজাদ হোসেন লান্টু। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক বেলাল হোসেন, কুষ্টিয়া পুলিশ সুপার মফিজ উদ্দিন আহমেদ, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, সহ-সভাপতি এমদাদুল ইসলাম আতা, সাংগঠনিক সম্পাদক অসিত কুমার সিংহ রায়, ভেড়ামারা উপজেলা জাসদের সভাপতি একেএম গোলাম ফারুক মাস্টার, সাধারণ সম্পাদক এস এম আনছার আলী প্রমুখ।