টেক্সাস বিস্ফোরণে নিহতদের জন্য শোক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০১৩, ২০:৫০
যুক্তরাষ্ট্রের টেক্সাসের ছোট্ট শহর ওয়েস্টের বাসিন্দারা বৃহস্পতিবার অশ্রু, প্রার্থনা আর মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে সার কারখানায় বিস্ফোরণে নিহতদের জন্য শোক প্রকাশ করেছেন। সেন্ট মেরি’স চার্চের ফাদার এড কারাসেব নিহতদের জন্য প্রার্থনা সভায় সমবেত কয়েকশ’ লোকের উদ্দেশে বলেন, ‘আমাদের হূদয় ভেঙ্গে গেছে, আমাদের শহর আর কখনো আগের মতো হবে না, তবে আমরা ধৈর্য্য ধরবো।’ মাত্র ২ হাজার ৮শ’ অধিবাসীর এই ছোট্ট শহরটির প্রত্যেককেই এই বেদনাদায়ক ঘটনাটি ছুঁয়ে গেছে।
বুধবারের বিস্ফোরণে কয়েক ডজন ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ৫০ ইউনিটের একটি অ্যাপার্টমেন্ট সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। এছাড়া একটি নার্সিং হোম লন্ডভন্ড হয়ে গেছে। বিস্ফোরণের পর ১৬০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। পুরো একদিন অনুসন্ধান ও উদ্ধার তত্পরতার পরও এখনো নিহতের সংখ্যা প্রকাশ করা হয়নি। ধারণা করা হচ্ছে ৫ থেকে ৩৫ জন নিহত হয়ে থাকতে পারেন। এক বাসিন্দা জানান, কে মারা গেছে বা কে বেঁচে আছে তা জানা কঠিন।